দুই ভাইয়ের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোস্তফা সরয়ার ফারুকীর মূল ভাবনা থেকে তৈরি হলো ধারাবাহিক নাটক মুকিম ব্রাদার্স। আজ থেকে নাটকটি দেখানো হবে চ্যানেল আইয়ে। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আশফাক নিপুণ। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চ্যানেল আই ভবনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়। এখানে নাটকটির শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।নিপুণ জানান, বদরুল মুকিম ও আনোয়ার মুকিম নামের বিপরীতমুখী স্বভাবের দুই ভাইয়ের চরিত্র নিয়ে ধারাবাহিকের গল্প। একজন খুব অস্থির, অন্যজন স্থির। একজন বাবার সবকিছু দেখেশুনে রাখছে, অন্যজন সম্পত্তি থেকে নিজের অংশ আলাদা করে নিতে ব্যস্ত। তারা একজন আরেকজনকে নানাভাবে জব্দ করার চেষ্টা করে।নিপুণ বললেন, ‘এখনকার টিভি নাটকগুলোর মধ্যে কিছু স্বাভাবিক ব্যাপার থাকে। প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, প্রতিশোধ নেওয়া কিংবা একই বাড়ির দুটি ফ্ল্যাটের গল্প। আগে টিভি নাটকে যে বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হতো, তা এখন একেবারেই অনুপস্থিত। আমরা এই দিকটাতে গুরুত্ব দিয়েছি। এমন কিছু বিষয় এই নাটকে তুলে ধরেছি, যা দর্শককে আনন্দ দেবে।’সরয়ার ফারুকী বললেন, ‘এ নাটকের মূল সুর আমার কাছে মনে হয়েছে কিছুটা ভিন্ন ধাঁচের। এটি পুরোপুরি রিয়েলিস্টিক নাটক নয়। আবার ঠিক টম অ্যান্ড জেরিও নয়।’৫২ পর্বের এই ধারাবাহিকের এরই মধ্যে অর্ধেক কাজ শেষ হয়েছে। অভিনয়শিল্পীরা হলেন তিশা, চৈতি, আরজে অপু, মুসাফির সৈয়দ, রাশেদা চৌধুরী, সবুজ প্রমুখ।