দুই ভুবনের দুই বাসিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দালাই লামার সঙ্গে কমল হাসান
দালাই লামার সঙ্গে কমল হাসান

সম্প্রতি তাঁদের প্রথমবারের মতো দেখা হয়েছে। দুই ভুবনের দুই বাসিন্দা। একজন পর্দায় মনোরঞ্জন করে জয় করেছেন অযুত দর্শকের চিত্ত; অন্যজন অহিংস এক শান্তিকামী মানুষ, যিনি পৃথিবীর মানুষের মন জয় করেছেন শান্তির আহ্বান জানিয়ে। অভিনেতা ও নির্মাতা কমল হাসান ১০ নভেম্বর চেন্নাইয়ে তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামার সঙ্গে দেখা করেন। দালাই লামার সঙ্গে এবারই প্রথম দেখা হলো দক্ষিণী চলচ্চিত্রের কিংবদন্তি এই তারকার।
কমল হাসান দালাই লামা প্রসঙ্গে বলেন, ‘তিনি জীবনে একটি সিনেমাও দেখেনি, এমনকি টেলিভিশনও দেখেননি। তবুও তিনি আমাকে পরামর্শ দিয়েছেন, যাতে আমি আমার কাজ এবং নৈপুণ্যের মাধ্যমে অহিংসার দর্শন প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখতে পারি।’
এ প্রসঙ্গে কমল হাসান আরও জানিয়েছেন, আমাদের দুটি বিষয় মিলে গেছে। আধ্যাত্মিক বিষয়ে তাঁর যেমন কোনো আগ্রহ কাজ করে না, তেমনি চলচ্চিত্র নিয়েও দালাই লামার মধ্যে কোনো আগ্রহ নেই।
অহিংসার নীতিতে নিজের বিশ্বাসের কথাও কমল জানিয়েছেন এই অহিংসবাদী ধর্মীয় নেতাকে।
দালাই লামা প্রসঙ্গে এই কিংবদন্তি চলচ্চিত্র তারকা তাঁর ফেসবুকে লিখেছেন, যদিও আমি একজন যুক্তিবাদী মানুষ এবং আধ্যাত্মিক বিষয়ে তেমন আগ্রহ নেই তবুও আমাদের সাক্ষাৎটি ছিল খুব গুরুত্বপূর্ণ।
তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামা ‘আবদুল কালাম সেবা রত্ন পুরস্কার’-এর উদ্বোধন করতে ভারতের চেন্নাইয়ে এসেছিলেন। সেখানে তিনি বিশ্ব শান্তিতে অবদানের ওপর একটি বক্তৃতা দেন।
কমল হাসানের অভিনয় জীবন শুরু হয়েছিল শৈশবে। ১৯৬০ সালের ‘কালাথোর কান্নাম্মা’ ছবিতে তিনি প্রথম অভিনয় করেন। সে সময় তাঁর বয়স মাত্র পাঁচ বছর। এ ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ শিশুশিল্পীর জাতীয় পুরস্কার জিতেছিলেন। নায়কের ভূমিকায় অভিনয় করা থেকে শুরু করে খল নায়ক, কমেডিয়ানসহ বিচিত্র সব চরিত্রে অভিনয় করেছেন কমল হাসান। এমনকি অভিনয় করেছেন নারী চরিত্রেও। নিপুণ অভিনয়শৈলীর জন্য কমল হাসানকে তুলনা করা হয় হলিউডের জ্যাক নিকলসন ও টম হ্যাংকসের সঙ্গে। শুধু অভিনয়ই নয়, তিনি একাধারে নির্মাতা, প্রযোজক, সংগীতশিল্পী, কোরিওগ্রাফার, চিত্রনাট্যকার ও গীতিকার হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন।
তামিল ছবিতে অভিনয়ের পাশাপাশি ১৯৭৭ সালে ‘আয়না’ ছবির মাধ্যমে কমল হাসান পা রাখেন বলিউডে। বলিউডের প্রখ্যাত নির্মাতা রমেশ সিপ্পির ‘সাগর’ ছবিতে অভিনয়ের জন্য তিনি পেয়েছিলেন সেরা অভিনেতা ও সেরা সহ অভিনেতার মনোনয়ন।
শ্রেষ্ঠ শিশুশিল্পীর জাতীয় পুরস্কার ছাড়াও তিনবার ভারতের শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছেন কমল হাসান।
এ ছাড়াও, ফিল্ম ফেয়ার পুরস্কারসহ আরও বহু পুরস্কার লাভ করেন। এ পর্যন্ত তিনি তামিল, হিন্দি, বাংলা, তেলেগু, কানাড়া ও মালয়ালাম ভাষায় প্রায় দুই শর মতো ছবিতে অভিনয় করেছেন।
এ বছরের ১০ নভেম্বর কমল হাসানের নতুন ছবি ‘থুংগাভনম’ মুক্তি পেয়েছে। এনডিটিভি।