আজ এসএ গেমসের সমাপনী দিন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি সমাপনী অনুষ্ঠানটি বিটিভি প্রচার করবে। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন শিবলী মহম্মদ। কথা হলো তাঁর সঙ্গে।কোথায় আপনি? অনেক হইচই শোনা যাচ্ছে।এ মুহূর্তে একটি সংবাদ সম্মেলনে এসেছি। একটু পরই শুরু হবে। এটিও এসএ গেমস নিয়েই আয়োজন করা হয়েছে। দুই মাস ধরেই আছি এসএ গেমস নিয়ে। অসাধারণ সব আয়োজন করেছে এবারে বাংলাদেশ।সমাপনী দিনে কী করছেন?উদ্বোধনী দিনে যেমন আমরা চোখ ধাঁধানো কিছু অনুষ্ঠান উপহার দিয়েছিলাম, আজও আশা করছি সে রকম কিছুই উপহার দেব। প্রথম দিনে তো করেছিলাম অ্যাকুয়েটিক শো। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জর্জ হ্যারিসনকে উপস্থাপন করা হয়েছিল। নৃত্যাঞ্চলের সদস্যসহ ঢাকার বাইরে থেকে নেওয়া ৩০০ সদস্য এই শোতে অংশ নিয়েছিল। আজ আমরা এর বাইরে আরও নতুন কিছু যোগ করেছি। রবীন্দ্রনাথ থাকছেন আমাদের বিষয়ে। এখানে রবীন্দ্রনাথের ‘মম চিত্তে নিতি নৃত্যে’ কাজটা করব ওয়াটার স্ক্রিনে। একই সঙ্গে নাচের ১০০ ছেলেমেয়ে মঞ্চে পারফরম করবে। আশা করছি, অসাধারণ একটি কাজ হবে আজ আমার ও নীপার নেতৃত্বে। সেই সঙ্গে আমরা এখানে আমাদের যে লোকজ সংস্কৃতি, সেটিকেও তুলে ধরব।কত দিনের প্রস্তুতি ছিল আপনাদের?খুব বেশি দিন সময় পাইনি আমরা। দুই মাস আমরা প্রতিদিন মহড়া করেছি। যতটা ভালো করা যায়, এ নিয়ে আলোচনা করেছি, চিন্তা করেছি এবং নৃত্যাঞ্চল একটি চমত্কার কাজ উপহার দিয়েছে। সেই সঙ্গে বলব বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাদের সব রকমের সহযোগিতা দিয়েছে, তাই আমরাও কাজটা সফলভাবেই শেষ করতে যাচ্ছি।আর কী কী কাজ করছেন?সামনেই নৃত্যাঞ্চল বাল্মীকি প্রতিভা গীতিনাট্য পরিবেশনা করবে শিল্পকলা একাডেমীতে। সেটিরও প্রস্তুতি আমরা নিয়েছি। এ ছাড়া রবিরাগের দুই যুগ পূর্তি উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের শাপমোচন পরিবেশন করব।ব্যক্তিজীবনের কথা বলুনএই তো কেটে যাচ্ছে। আসলে এখন আর ব্যক্তিজীবন বলে কিছু নেই। নাচ আর নৃত্যাঞ্চল এই নিয়েই আছি আমি। সামনেই যাব বঙ্গমেলা ও ফোবানা উত্সবে অংশ নিতে আমেরিকায়। সঙ্গে নৃত্যাঞ্চলের শিল্পীরাও যাবেন।