দুই যুগ পর চলচ্চিত্রের গানে মঈনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঈনুল ইসলাম খান
মঈনুল ইসলাম খান

দুই যুগেরও বেশি সময় পর চলচ্চিত্রের গানে ফিরলেন গুণী সংগীত পরিচালক মঈনুল ইসলাম খান। সম্প্রীতি প্রোডাকশনের ব্যানারে নির্মাণাধীন এই চলচ্চিত্রের নাম ‘নিয়তি ডটকম’। পরিচালক অনুতোষ বড়ুয়া।
জানা গেছে, এ মাসের শেষের দিকে শুটিং শুরু হতে যাওয়া ‘নিয়তি ডটকম’ চলচ্চিত্রের ছয়টি গানসহ পূর্ণাঙ্গ সংগীত পরিচালনা করছেন মঈনুল ইসলাম খান। এরই মধ্যে গত বুধবার সন্ধ্যায় শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে একটি গানের রেকর্ডিংয়ের মধ্য দিয়ে মহরত হয়েছে। জুলফিকার রাসেলের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর ও তিথি।
দুই যুগেরও বেশি সময় পর চলচ্চিত্রে ফেরা প্রসঙ্গে মঈনুল ইসলাম খান বলেন, ‘গান করতে গিয়ে আমি কোনো দিন কোনো আপস করিনি। এখন পর্যন্ত যতগুলো গান তৈরি করেছি, সবগুলোই পূর্ণ স্বাধীনতা নিয়ে করেছি। গত দুই যুগেরও বেশি সময়ে অনেক চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছি। করা হয়নি। কারণ, পরিবেশটা খুঁজে পাইনি।’
মঈনুল ইসলাম খান আরও বলেন, ‘আমাকে শতভাগ স্বাধীনতা দিয়েছেন ‘‘নিয়তি ডটকম’’ ছবির পরিচালক। ছবির গল্পের সঙ্গে মিল রেখে ভালো কিছু মৌলিক সুরের গান তৈরির চেষ্টা করেছি আমি। তা ছাড়া দুই দশক পরে এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ, সেই বিষয়টিও মাথায় রেখেছি। সবার সহযোগিতা ও দোয়া চাইছি।’
প্রসঙ্গত, দুই যুগ আগে মঈনুল ইসলাম খান সর্বশেষ ‘নাফরমান’ চলচ্চিত্রের সংগীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন।