দুই যুগ পর নকীবের সুরে সামিনার গান

সামিনা চৌধুরীর প্রথম অ্যালবাম শৈশবের দিনগুলো বেরিয়েছিল ১৯৮৬ সালে। এই অ্যালবামের সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছিলেন নকীব খান। নকীব খানের প্রথম একক অ্যালবাম স্বপ্নজড়ানোতে (১৯৮৯) নকীব খান ও সামিনা একসঙ্গে গেয়েছিলেন ‘তুমি এলে পায়ে পায়ে’ গানটি। এরপর আর অ্যালবামের জন্য তাঁদের একসঙ্গে কোনো কাজ করা হয়নি। দুই যুগ পর আবার সামিনার অ্যালবামের জন্য সুর করেছেন নকীব। এবার আর পুরো অ্যালবাম নয়, নকীব সুর করেছেন তিনটি গানে। সামিনার এই অ্যালবামের নাম চলো বাঁচি। সব কটি গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল। অ্যালবামের অন্য গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন নকীবের ভাই পিলু খান এবং ভারতের কলকাতার রূপঙ্কর, জয় সরকার ও রাঘব।
চলো বাঁচির তিনটি গান নিয়ে নকীব খান বলেন, ‘আমি যেমন সুর করি, এবারও তেমনটিই করেছি।’ আর সামিনা বলেন, ‘সুরগুলো আমি শুনেছি। খুব ভালো হয়েছে। নকীব তো এমনিতেই ভালো সুর করেন। অন্যদের সুরও চমৎকার হয়েছে।’
জুলফিকার রাসেল জানান, সব কটি গানের সুর চূড়ান্ত হয়েছে। সামিনা গানগুলোতে কণ্ঠ দেবেন ২৪ থেকে ২৬ আগস্ট।
সামিনা আরও জানান, এরই মধ্যে তাঁর আরেকটি অ্যালবামের কাজ শেষ হয়েছে। নাম পুষ্পবৃষ্টি। সব কটি গানের কথা লিখেছেন ও সুর করেছেন মোহাম্মদ আবদুল বারী। অ্যালবামটি বাজারে আসবে কোরবানির ঈদে।