দুই যুগ পূর্তিতে থিয়েটার আর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের দুই যুগ পূর্তি উপলক্ষে থিয়েটার আর্ট ইউনিট দেশবিদেশের নাট্যদল নিয়ে আন্তর্জাতিক নাট্যোৎসবের আয়োজন করতে যাচ্ছে।‘বঙ্গহর্ষে বিংশ বর্ষে’—শিরোনামে ১০ দিনব্যাপী এই উৎসবে বাংলাদেশসহ নেপাল ও ভারতের প্রথম সারির প্রায় ২০টি নাটক মঞ্চস্থ হবে বলে জানা গেছে। ১৪ নভেম্বর শুরু হয়ে উৎসবটি চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। থিয়েটার আর্ট ইউনিট সূত্রে জানা যায়, শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও পরীক্ষণ থিয়েটার হলে প্রতিদিন একসঙ্গে চলবে উৎসবের কার্যক্রম। বাংলাদেশের নাটকের মধ্যে এখানে মঞ্চস্থ হবে থিয়েটারের পায়ের আওয়াজ পাওয়া যায়, নাট্যকেন্দ্রের আরজচরিতামৃত, সুবচন নাট্য সংসদের মহাজনের নাও, সময়ের শেষ সংলাপ, থিয়েটার আর্ট ইউনিটের কোর্ট মার্শাল, প্রাচ্যনাটের রাজা এবং অন্যন্য, থিয়েটারওয়ালা রেপার্টরির শাইলোক অ্যান্ড সিকোফ্যান্ট, সিএটির দ্য কমিউনিকেটর এবং পালাকারের নাটক নারীগণসহ ১৪টি নাটক। এ ছাড়া ভারতের ভুপালের দুটি, পশ্চিমবঙ্গের চারটি ও নেপালের একটি নাটক মঞ্চস্থ হবে বলে জানা গেছে। এই উৎসবে নাটক ছাড়া ‘মৌলিক নাটকের সংকট ও রূপান্তরিত নাটকের সম্ভাবনা: পরিপ্রেক্ষিত কোর্ট মার্শাল’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে।তা ছাড়া, এস এম সোলায়মান প্রণোদনা বৃত্তি এবং কোর্ট মার্শাল নাটকের ২০০তম প্রদর্শনীও এই উৎসবের বিশেষ আকর্ষণ।উদ্বোধনী দিনে শিল্পকলার একাডেমীর মূল মিলনায়তনে পশ্চিমবঙ্গের স্বপ্নসন্ধানী দলের প্রযোজনা ম্যাকবেথ এবং পরীক্ষণ হলে প্রদর্শিত হবে থিয়েটারের নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি। ওই দিন সৈয়দ শামসুল হক ও পশ্চিম বাংলার বিভাষ চক্রবর্তীকে নাট্যকার ও নির্দেশক হিসেবে বিশেষ সম্মাননা দেওয়া হবে বলে জানা গেছে।