দুই শিল্পীর গিটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালের রোদ্দুরে ঝলমল করছে শ্রেণীকক্ষ। সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা শনিবারের ছুটির আনন্দ ছেড়ে গিটার আর বেহালা শিখতে আসে, তাদের সবাই উপস্থিত। ১০টা বাজতে না-বাজতেই সুবিধাবঞ্চিত শিশুদের একটা দলও এসে দখল করে খালি থাকা বেঞ্চগুলো। কক্ষটা বিশাল, মিলনায়তনের মতো। ফলে সবাই প্রাণভরে উপভোগ করতে পারবে গিটারবাদন। বিখ্যাত দুই গিটারশিল্পী মার্কিন মুলুক থেকে উড়ে এসেছেন তাদের গিটার বাদন শোনানোর জন্য। সেন্ট যোসেফ স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও প্যারেইরাও চলে এসেছেন। স্কুলের চার তলায় এই আয়োজন।মার্কিন গিটারিস্ট স্ট্যানলি ইয়েটস আর মির আলি বেশ কদিন ধরেই ঢাকার বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছেন। আলিয়ঁস ফ্রঁসেজ, নটর ডেম কলেজ, গ্রিণ হেরাল্ড স্কুল, ছায়ানটে অনুষ্ঠান হয়েছে আগেই। তাঁরা গণিতের সঙ্গে সংগীতের সম্পর্ক নিয়ে কথা বলেছেন। সুবিধাবঞ্চিত শিশুদের দিকে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। সংগীতে যে সবার অধিকার, সে কথা বুঝিয়েছেন। ‘দি ঢাকা ক্লাসিক্যাল অ্যান্ড ফ্ল্যামেঙ্কো গিটার ফেস্টিভাল ২০১১’-তে অংশ নিয়ে ১৪ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল তাঁদের বাদন। এই আয়োজনের শ্লোগান, ‘সেভ দ্য রিভার বুড়িগঙ্গা’ বা ‘বুড়িগঙ্গাকে বাঁচাও’। অনুষ্ঠানের আয়োজক ক্লাসিক্যাল গিটার অ্যাসোসিয়েশন অব ঢাকা ও ক্লাসিক্যাল মিউজিক অ্যাসোসিয়েশন অব ঢাকা।স্ট্যানলি ইয়েটস গিটারবাদনের ইতিহাস নিয়ে কিছু কথা বলার পর বাজাতে শুরু করলেন। বাদনের মাঝেমধ্যে কিছু কথা বললেন। কতভাবে কত সুর তোলা যায় গিটারে, তা দেখে উচ্ছল হয়ে উঠেছিল শিশুবাদকের দল। সুবিধাবঞ্চিত যে শিশুরা এসেছিল, তারাও তন্ময় হয়েছিল স্ট্যানলির গিটারে।এরপর মির আলি। বেশ কয়েক রকম আওয়াজ তুললেন গিটারে। সুরের ভেলায় চড়ে উঠৈগেলেন উঁচুতে, পরক্ষণেই আবার নেমে এলেন খাদের প্রান্ত-সীমায়। এভাবেই চলছিল। কিন্তু এই শিশুদের জন্য অপেক্ষা করছিল বিস্ময়। মির আলি ইংরেজিতে বললেন, এখন যা বাজাব, তার সঙ্গে গলা মেলাতে হবে তোমাদের। ‘টুইংকল টুইংকল লিটল স্টার’ বেজে উঠতেই ঘরটা ভরে উঠল গুঞ্জনে। শিশুদের সঙ্গে অভিভাবকেরাও ছড়াটির সঙ্গে মিশে গেলেন। তিন ধরনের বাদনের সঙ্গে তিন ধরনের সুরে আবৃত্তি হলো ছড়াটি। একশিক্ষার্থী গডফাদার ছবিটির ‘থিম সঙ’ বাজিয়ে শোনাতে অনুরোধ করল। ‘তথাস্তু’ বলে ইয়েটস আর মির তৈরি হলেন বিখ্যাত গানটি বাদনের জন্য। এক অভিভাবক জানতে চাইলেন, কোনো বাংলা গানের সুর তুলেছেন কি তারা? হাসলেন তাঁরা দুজন। মির বললেন, ‘আমি এখানে এসেই দ্রুত একটি সুর তুলে নিয়েছি। আমার বাজনার সঙ্গে গাইতে হবে তোমাদের।’ দু-একবার টুংটাংয়ের পর স্পষ্ট বেজে উঠল, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির সুর। উপস্থিত সবাই কণ্ঠ মেলাল গিটারের সঙ্গে। স্ট্যানলি ইয়েটস যুক্তরাষ্ট্রের টেনিসি রাজ্যের অস্টিন পি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের গিটার প্রোগ্রামের চেয়ারম্যান। মির আলি নিউইয়র্কের বাফেলো গিটার সোসাইটির প্রেসিডেন্ট। তাঁরা যখন বিদায় নিচ্ছেন, তখন সুবিধাবঞ্চিত দুটি শিশু—লিপি আর ফরহাদের ঠোঁটে একুশের গান। দুই শিল্পীর ঠোঁটে তখন হাসি, স্পষ্ট বোঝা যাচ্ছিল, সংগীত কীভাবে মানুষে-মানুষে বন্ধন সৃষ্টি করে।বিজয় সরকারের জন্মবার্ষিকী নড়াইল প্রতিনিধি জানান, গতকাল শনিবার কবিয়াল বিজয় সরকারের ১০৮তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়। বিজয় সরকার ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানমালায় ছিল কীর্তন, কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, বিজয়গীতি, আলোচনা সভা এবং ফরিদপুর সম্প্রদায় পরিবেশিত গুরুযাত্রা। এউপলক্ষে বিভিন্ন অঞ্চল থেকে কবিভক্তরা ডুমদি গ্রামে সমবেত হন। কলকাতায় দুই বাংলার চিত্রশিল্পীকলকাতা প্রতিনিধি জানিয়েছেন, মহান ভাষা আন্দোলনের স্মরণে আজ রোববার সকালে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন চত্বরে শুরু হচ্ছে দুই দিনের আর্ট ক্যাম্প। এতে ছবি আঁকবেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিশিষ্ট চিত্রকরেরা।বাংলাদেশে থেকে অংশ নিচ্ছেন কাইয়ুম চৌধুরী, মুর্তজা বশীর, কালীদাস কর্মকার, মাহমুদুল হক, শাহাবুদ্দিন আহমেদ, ফরিদা জামান প্রমুখ। এ ছাড়া আজ বিকেলে উপহাইকমিশন চত্বরে নির্মিত স্থায়ী শহীদ মিনারের উদ্বোধন করবেন মুর্তজা বশীর।