দুই শিল্পীর পাঁচ অ্যালবাম
শিল্পকলা একাডেমীতে গতকাল শনিবার মোড়ক খোলা হলো শিল্পী স্বপন দত্তের তিনটি ও ফারহাত হোসেনের দুটি অ্যালব্যামের। স্বপন দত্তের অ্যালবামগুলো হচ্ছে রবীন্দ্রসংগীতের চিরসখা ও আনন্দলোকে এবং হারানো দিনের গান নিয়ে আজও সেই গান। ফারহাত হোসেনের অ্যালবামগুলো হলো আমার প্রিয়ার ছায়া ও তোমার পূজার ছলে।
গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন আনন্দধারা আয়োজন করেছিল এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের। মোড়ক উন্মোচন করেন অধ্যাপক আনিসুজ্জামান৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার
কেন্দ্রের সংগীত পরিচালক সুজেয় শ্যাম ও আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সভাপতিত্ব করেন আনন্দধারার আহ্বায়ক জগন্নাথ বন্দ্যোপাধ্যায়।
তিনটি পর্বে বিভক্ত করা হয় এ আয়োজনটি। প্রথম পর্বে মোড়ক উন্মোচন শেষে শুরু হয় সংগীত পরিবেশনা। শুরুতেই স্বপন দত্তের কণ্ঠে গাওয়া ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নৃত্য নন্দনের শিল্পীরা। এরপর স্বপন দত্ত ও ফারহাত হোসেন সংগীত পরিবেশন করেন। স্বপন দত্তের কণ্ঠে গীত হয় ‘চিরসখা হে’, ‘আমার মন যখন’ ও ‘তুমি কেবলই ছবি’। এ পর্বের শেষ হয় দুই শিল্পীর দ্বৈত কণ্ঠে গাওয়া ‘পুরোনো সেই দিনের কথা’ গান দিয়ে।
তৃতীয় পর্বে ছিল স্বপন দত্তের কণ্ঠে হারানো দিনের গান। তিনি গেয়ে শোনান, ‘তোমার সঙ্গে দেখা না হলে’, ‘যেন কিছু মনে করো না’, ‘তুমি আর আমি শুধু’, ‘অলির কথা শুনে’, ‘ভুল সবই ভুল’ ও ‘শোনো গো সোনার মেয়ে’।