দুই শিল্পীর 'মুক্তির অন্বেষা'

ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো লা গ্যালারিতে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে ‘অবসেশন’ শিরোনামের দ্বৈত চিত্রকর্ম প্রদর্শনী। শিল্পী সৈয়দ ফিদা হোসেন ও সুলতান ইশতিয়াকের আঁকা ২৩টি চিত্রকর্ম নিয়ে সাজানো এই প্রদর্শনী উদ্বোধন করেন চারুকলার অধ্যাপক জামাল আহমেদ। অতিথি ছিলেন অ্যাডওয়ার্ড এম কেনেডি সেন্টারের পরিচালক এম কে আরিফ।

প্রদর্শনীটি দেখে মনে হয়েছে, পুরোটাই একটি অভিযাত্রা। ক্লান্তিকর এই যান্ত্রিক জীবনে বন্দী, এক অমোঘ দম-বন্ধ-করা অনুভূতিকে অনাবৃত করে এই অভিযাত্রা। এই যাত্রা অব্যাহতভাবে সঞ্চারিত হয় দুই শিল্পীর নাগরিক জীবনের স্বপ্নে, স্মৃতিতে, চৈতন্যে ও অনুভবে। যেখানে নাগরিক জীবনের স্বপ্ন, স্মৃতি-চৈতন্য এবং অনুভবের গল্পগুলো ভাবিয়ে তোলে শিল্পী সৈয়দ ফিদা হোসেন ও সুলতান ইশতিয়াককে।

প্রদর্শনীতে ফিদা হোসেন ভাগ ভাগ করে করা পোর্ট্রেট সিরিজে বিষয়বস্তুর নাজুক ভঙ্গুরতাকে শৈল্পিক বাস্তবতায় তুলে ধরেছেন। তিনি বাস্তবতা তুলে ধরার সর্বোচ্চ প্রয়াস চালিয়েছেন তাঁর কাজে।
ইশতিয়াকের ক্যানভাসের বৈশিষ্ট্য তাঁর প্রাকৃতিক সৌন্দর্যের অনিন্দ্য বৈভব। কিন্তু এখন তাঁর অভিমুখ বিবর্তিত হয়েছে সেই প্রকৃতিতে বাস করা ব্যক্তির অবধারিত উপস্থিতির ভেতর দিয়ে, তাদের স্বপ্ন তাদের জীবনযুদ্ধ তুলে আনার মধ্য দিয়ে। এক বিশালাকার জাহাজঘাটা প্রদর্শনীতে ইশতিয়াক তুলে ধরছেন, যা প্রকাশ করবে জাহাজঘাটার কর্মজীবীদের প্রতি তাঁর অনুভূতি। যাদের কাজ করতে হয় সার্বক্ষণিক জীবনের ঝুঁকি নিয়ে, বিপজ্জনক অবহেলায়।

প্রদর্শনীটি চলবে ৩০ আগস্ট পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ।