হাইকোর্টে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন (২০১৬-২০১৮) তিন মাসের জন্য স্থগিত হয়ে গেছে। প্রযোজক পরিবেশক সমিতির সদস্য নাসির উদ্দিনের করা হাইকোর্টে রিট আবেদনের পর মহামান্য আদালত এই রায় দেন। গতকাল এ বিষয়ে প্রযোজক সমিতির দুই প্যানেল গতকাল পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।
খসরু-আলম প্যানেলের খোরশেদ আলম খসরু, শামসুল আলম, শরীফুদ্দিন খান দিপু ও মনতাজুর রহমান আকবর বিগত তিন মেয়াদে পরপর তিনবার সমিতির নির্বাচিত হয়েছিলেন। সমিতির সংঘবিধি এবং টি,ও, রুল অনুযায়ী এই চারজন ২০১৬-২০১৮-এর প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে অংশ নিতে পারেন না। এ ব্যাপারে প্রতিকার চেয়ে ২২ মে হাইকোর্টে এই রিট আবেদন করা হয়। (রিট পিটিশন নম্বর-৫৯৯৬-২০১৬)।
নির্বাচন স্থগিত হওয়ায় খসরু-আলম ও আজিজ-লিপু দুটি প্যানেলই আলাদা আলাদা যে সংবাদ সম্মেলন করে, তাতে উভয় প্যানেলের নেতারা নির্বাচন স্থগিত হওয়ার ব্যাপারে পরস্পরকে দায়ী করেন।
দুপুর ১২টায় প্রযোজক সমিতির কার্যালয়ে খসরু-আলম প্যানেলের সংবাদ সম্মেলনে খোরশেদ আলম খসরু জানান, যদি তিনবার নির্বাচিত সদস্যরা পুনরায় নির্বাচন না করতে পারেন, তাহলে আজিজ-লিপু প্যানেলেও তো কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু, আতিকুর রহমান লিটন ও জাহিদ হোসেন একই দোষে দুষ্ট। তাহলে তাঁদের নামগুলো কেন রিটে উল্লেখ করা হয়নি।
তিনি বলেন,‘ একটি দল প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনকে বানচাল করে নিজেদের স্বার্থরক্ষা করতে চায়।’
সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে আয়োজিত অপর সংবাদ সম্মেলনে আজিজ-লিপু প্যানেলের নেতারা নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার ব্যাপারে খসরু-আলম প্যানেলকে দায়ী করেন। আবদুল আজিজ বলেন, ‘প্রযোজক পরিবেশক সমিতিকে একটি দল আঁকড়ে ধরে রাখতে চায়। কোনো নিয়ম কানুন না মেনেই সব কিছু করতে চায়। নতুন নেতৃত্বের কাছে তাঁরা দায়িত্ব ছেড়ে দিতে চায় না।
তাঁদের প্যানেলেও পরপর তিনবার নির্বাচিত হয়ে সমিতির দায়িত্ব পালন করেছেন এমন প্রার্থীও আছেন, এ অভিযোগের কথা উঠলে তিনি বলেন,‘ আদালতে প্রমাণ হলে আমরা তা মেনে নেব।’
তবে উভয় প্যানেলের সংবাদ সম্মেলন থেকে নেতারা দাবি জানান, সমিতির সংঘবিধি এবং টি,ও রুল অনুযায়ী যে সব প্রার্থী অবৈধ, তাঁদেরকে বাদ দিয়ে হলেও নির্বাচনকে করা জরুরি। এতে বর্তমান চলচ্চিত্র ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।
উল্লেখ্য, প্রায় আট বছর পর এ বছরের ২৮মে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল।