
যে ছেলেটিকে নিয়ে আমি বলছি, তাঁর নাম বলতে চাই না। তবে সে-ই আমার প্রথম প্রেম। প্রায় পাঁচ বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক।
প্রেমে পড়ার কাহিনির কথা বলছি। তখন আমি এইচএসসি পাস করেছি। ২০১২ সালের ৮ অক্টোবর। একটি ছেলে ফেসবুকে আমাকে ‘পোক’ করে। আমি তেমন গুরুত্ব দিইনি। এভাবে আরও কয়েক দিন পোক করে। পরে আমিও ছেলেটিকে পোক করি। এভাবে প্রায় সপ্তাহ খানেক চলল। একদিন ছেলেটি আমার ফেসবুক ইনবক্সে ‘হাই...লোল, হা হা হা...’ লেখে। আমিও উত্তরে ‘হাই...লোল, হা হা হা...’ লিখি। এভাবেই বন্ধুত্ব হলো। তখনো শুধুই ফেসবুক আর ফোনে কথা চলছে।
ছেলেটি আমার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করে। আমি রাজি হই। আমাদের দেখা হবে একটি রেস্তোরাঁয়। কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয় আমার। ছেলেটি আগেই এসে বসে ছিল। তাড়াহুড়ো করে হাজির হই। দুজন রেস্তোরাঁর নিচে নামছি। আমার এক আত্মীয়ের সঙ্গে দেখা হলো। বুঝতে পেরে ছেলেটি আড়ালে চলে যায়। আমার তো ভ্যাবাচ্যাকা অবস্থা।
আমাকে দেখে ওই আত্মীয় বললেন, ‘কী রে, তুই একা একা এখানে কী করছিস?’ বললাম, ‘এক বন্ধুর কাছে এসেছিলাম। ও চলে গেছে।’
ভয়ে না খেয়ে রেস্তোরাঁ থেকে বের হয়ে যাই। দিনটা আমার কাছে স্বপ্নের মতো মনে হয়েছিল। নিচে নেমেই ছেলেটিকে বলেছিলাম, ‘চলো, আমরা পালাই।’
এরপর থেকে নিয়মিত আমাদের দেখা হতো। কিন্তু কেউই একে অন্যের ভালো লাগার কথা মুখ ফুটে বলতে পারতাম না। মাঝেমধ্যে ছেলেটি বলত, ‘তোমার চোখে চোখ রেখে বলতে চাই, আমি তোমাকে অনেক পছন্দ করি।’
শুনে আমি হেসে উড়িয়ে দিতাম। কিন্তু তত দিনে মনে মনে ছেলেটির প্রতি আমারও ভালো লাগা তৈরি হয়েছে। একদিন ছেলেটি আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে। সময়টা ২০১৩ সালের ৭ জুন। সেই প্রেম এখনো চলছে। মাঝেমধ্যে আমাদের ঝগড়া হয়। আবার ঠিক হতেও বেশি সময় লাগে না। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি।
অনুলিখন: শফিক আল মামুন