দুজনার দেখা হলো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিভিয়া-সালমান
অলিভিয়া-সালমান

এই তো মাত্র কিছুদিন আগে সালমান খান তাঁর পছন্দের নায়ক বলে ঘোষণা দিয়েছিলেন গত বছরের বিশ্বসুন্দরী খেতাব জেতা মার্কিন সুন্দরী অলিভিয়া কালপো। সম্প্রতি মহারাষ্ট্রের পানভেল শহরে নিজের বাগানবাড়িতে সেই অলিভিয়া কালপোর সঙ্গে সাক্ষাত্-পর্ব সারলেন ‘দাবাং’ তারকা সালমান খান।
রোমানিয়ান টিভি তারকা ইলুলিয়া ভেঞ্চুরের সঙ্গে সালমানের প্রেমের অধ্যায় শেষ হওয়ার পর এবার তাঁর নতুন ভক্তের তালিকায় নাম লিখিয়েছেন গত বছর বিশ্বসুন্দরী খেতাব পাওয়া যুক্তরাষ্ট্রের অলিভিয়া কালপো। এরই মধ্যে সুন্দরী এ ভক্তের সঙ্গে সাক্ষাতের পর্ব সেরে ফেলেছেন ‘বিগহার্ট লাভারবয়’ সালমান। মহারাষ্ট্রে নিজের বাগানবাড়িতে এক জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করে অলিভিয়ার সঙ্গে দেখা করেছেন তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
সম্প্রতি নিজের বাগানবাড়িতে ডিজাইনার সানজানা জনের জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেন সালমান। আর সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির হন অলিভিয়া।
এ প্রসঙ্গে অলিভিয়া জানান, ‘সানজানার জন্মদিনের অনুষ্ঠানে সালমান খানের সঙ্গে পরিচিত হয়ে খুব ভালো লেগেছে।’ অলিভিয়া মজা করে আরও বলেন, ‘সালমান হলেন সানজানার ভাই, তবে তিনি আমার ভাই নন। সালমান-সানজানার সম্পর্কটা খুব কাছের। সানজানার সঙ্গে পরিচয়ের সূত্র ধরেই সালমানের সঙ্গে আমার সাক্ষাতের সুযোগ হয়েছে।’

কন্যাশিশু, নারীর ক্ষমতায়ন, মেয়ে-ভ্রূণ হত্যাসহ বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১০ দিনের সফরে ভারতে অবস্থান করছেন অলিভিয়া। দিন কয়েক আগে অলিভিয়া জানিয়েছিলেন, সালমান তাঁর সবচেয়ে প্রিয় অভিনেতা। সালমানের বিশাল একজন ভক্ত হিসেবেও নিজেকে দাবি করেন ২১ বছর বয়সী এ সুন্দরী। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল, ‘বলিউডের ছবি আমি খুবই পছন্দ করি। আমার সবচেয়ে প্রিয় অভিনেতা সালমান খান। বলিউডের কোনো ছবিতে অভিনয়ের সুযোগ পেলে আমার অনেক ভালো লাগবে।’

এদিকে, ‘কন্যাশিশু, নারীর ক্ষমতায়ন’ শীর্ষক এক অনুষ্ঠানে দেখা গেছে বলিউডের অন্যতম প্রভাবশালী  তারকা অভিনেতা সালমান খানকে। অলিভিয়ার সঙ্গে ভাব জমানোর জন্যই তিনি সেখানে গিয়েছিলেন কি না তা অবশ্য জানা যায়নি।

সেখানে সালমান বলেন, ‘আমার যদি কখনো সন্তান হয়, ইনশা আল্লাহ কন্যাসন্তানই হবে। আমি মেয়ের বাবা হতে চাই। আমি মনেপ্রাণে চাই, আমার এ আশা যেন পূরণ হয়।’

মেয়ে-ভ্রূণ হত্যার বিরুদ্ধেও নিজের অবস্থান তুলে ধরেন সালমান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জন্মের আগেই একটি শিশুকে কীভাবে হত্যা করা সম্ভব! এটা কোনো সচেতনতার বিষয় নয়, এটা মানসিকতার বিষয়। সবাইকে বুঝতে হবে, এভাবে মেয়ে-ভ্রূণ হত্যা চলতে থাকলে এমন একদিন আসবে যখন মা কিংবা বোনের অস্তিত্ব থাকবে না। ছেলেরা বিয়ে করার জন্য কোনো মেয়ে পাবে না।’