দুজনে নিরজনে...

কোন ফাঁকে ঘটে গেছে প্রেম! বিনোদন দুনিয়ার এই মুহূর্তের অন্যতম আলোচিত জুটির নাম এখন টম হিডেলস্টোন ও টেলর সুইফট। টম হিডেলস্টোনের ভক্তরা খুশি হোন অথবা বেজার, দুজনের রোমাঞ্চ কিন্তু জমে গেছে এরই মধ্যে। কারও কানাকানিতে কান না দিয়ে তাঁরা এখন দারুণ সময় কাটাচ্ছেন ইংল্যান্ডে। সেখানে মায়ের সঙ্গে তাঁর নতুন প্রেমিকা সংগীতশিল্পী টেলর সুইফটের পরিচয়ও করিয়ে দিয়েছেন অভিনেতা টম হিডেলস্টোন। গত শুক্রবার ইংল্যান্ডের পূর্ব উপকূলে নিজের শহরে গিয়েছিলেন টম হিডেলস্টোন। সেখানেই মা ডায়ানার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন টেলর সুইফটের। ঠিক আগের দিনেই যুক্তরাষ্ট্রে টেলর সুইফটের মা-বাবার সঙ্গে পরিচয় ঘটেছে টমের। দুজনের সম্পর্কটা কোন পর্যায়ে কিছু কি আঁচ করা গেল?
এই মাসের শুরুতে টেলর সুইফট ও টম হিডেলস্টোনের প্রেমের কথা প্রথম প্রকাশ করে ‘পিপল’ সাময়িকী। রোড আইল্যান্ডে নিরজনে অভিসারে গিয়ে ক্যামেরায় ধরা পড়েন দুই তারকা।
পিপল সাময়িকী অবলম্বনে ইকবাল হোসাইন চৌধুরী