তিতাস জিয়া আর শর্মীমালা। দুজনই অভিনয় করছেন মঞ্চ ও টিভিতে। তাঁরা চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ছবির নাম মৃত্তিকা মায়া। এবার তাঁরা দুজনই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। হয়েছেন সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী। তাঁদের নিয়ে এই আয়োজন।

ঘটনা বিস্তারের আগে দু-একটি তথ্য জানিয়ে রাখি—মৃত্তিকা মায়া চলচ্চিত্রে অভিনয়ের সময় কোনো সাপোর্ট ছাড়াই লঞ্চ থেকে গহিন প্রমত্তা পদ্মায় লাফ দিয়েছিলেন তিতাস জিয়া। এতে তাঁর জীবনের ঝুঁকি ছিল। তবে এমন অনেক ঝুঁকি নিয়েই তো তিতাস হয়ে উঠেছেন মৃত্তিকা মায়ার ‘বৈশাখ’।
আর ‘পদ্ম’ চরিত্রের শর্মীমালা—গায়ের রং ‘ঝিম–কালো’ করার জন্য তাঁর কসরতও কম ছিল না, শুটিংয়ের আগে প্রতিদিন মেকআপ নিতে হয়েছে আড়াই ঘণ্টা। শুটিং শেষে এরপর সেই মেকআপ তুলেছেন দুই ঘণ্টার চেষ্টায়।
হয়তো ভাবছেন, হঠাৎই মৃত্তিকা মায়ার প্রধান দুই চরিত্র বৈশাখ ও পদ্মর এসব কথা লেখা হচ্ছে কেন? উত্তর হলো, এর মধ্যেই বিরাট ‘ঘটনা’ ঘটিয়ে ফেলেছে গাজী রাকায়েত পরিচালিত এই ছবিটি। ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা-অভিনেত্রীসহ একে একে ১৭টি পুরস্কার চলচ্চিত্রটির ঝুলিতে। বাংলা ছবির ইতিহাসে এটা তো একটা ঘটনা বটেই। আর তিতাস জিয়া ও শর্মীমালা—বৈশাখ ও পদ্ম চরিত্রে অভিনয়ের আগে তাঁরা তো কল্পনায়ও ভাবেননি—এখানে অভিনয়ের জন্যেই জুটে যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সবই এখন বাস্তব। সেই বাস্তবতায় দাঁড়িয়েই ২৮ মার্চ বিকেলে প্রথম আলোর কার্যালয়ে মুখোমুখি তিতাস জিয়া আর শর্মীমালা। এই আলাপনে আমাদের কাজ শুধু সূত্রটি ধরিয়ে দেওয়া। বাকি সব কথা বললেন তিতাস ও শর্মী নিজেরাই।
‘রাকায়েত ভাইয়ের ডেড পিকক নাটকে কাজ করার সময় প্রথম এই ছবিতে অভিনয়ের প্রস্তাব পাই। সিরিয়াসলি নিইনি। পরে তো ছবিটি করতে গিয়ে কত কাণ্ড, অভিজ্ঞতা!’—এভাবে যখন শুরু করলেন শর্মী, তিতাসকেও বলতে হয় তখন, ‘২০০৫ সাল। রাকায়েত ভাই সে সময়ই আমাকে প্রথম বললেন বৈশাখ চরিত্রের কথা। চরিত্রটি একজন পুরোদস্তুর শিল্পীর। পেশায় কুমার হলেও তার আছে শিল্পীমন। এই শিল্পীসত্তার জন্য সে তার প্রেমিকা পদ্মকেও ছেড়ে দিতে পারে। মজার ব্যাপার হলো, যখন এই চরিত্রের কথা প্রথম জেনেছি, সে সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্র। আর যে সময় এতে অভিনয় করলাম, তখন ওই একই বিভাগের শিক্ষক আমি। মাঝখানে চলে গেছে অনেক দিন। চরিত্রটি এত দিন আমার ভেতরে ধীরে ধীরে বড় হয়েছে। আসলে বাংলা সাহিত্যে বহুমাত্রিক ও শক্তিশালী পুরুষ চরিত্র খুব একটা নেই। আমার মনে হয় বৈশাখ খুব শক্তিমান পুরুষ চরিত্র।’
কী ভাবছেন, এই বৈশাখ ও পদ্ম চরিত্রকে নিজের করে নিতে তিতাস ও শর্মীর প্রস্তুতি কেমন ছিল? ঠিকই ধরেছেন, কঠোর প্রস্তুতি। তিতাস বললেন, ‘পাণ্ডুলিপি অনুসরণে আমার কল্পনার মধ্য দিয়ে গড়ে উঠেছে বৈশাখ। গ্রামের মানুষ সে, কুমার। তাই তার শরীর থাকবে কালচে ভাব। এ কারণে সরষের তেল ও লবণ গায়ে মেখে রোদে বসে থেকেছি দিনের পর দিন। পাক্কা চার মাস কাটিনি চুল-দাড়ি। এ তো গেল বাইরের ব্যাপার, বৈশাখের অন্তর্জগতের তল পেতে ভয়ানক খাটতে হয়েছে আমাকে।’
‘আমার কথা কী আর বলব। মানুষ হয়েছি শহরে। গ্রামীণ জীবন জানি না সেভাবে। তাই চোখের ভেতরে প্রথমে পদ্মকে ভাসাতে পারছিলাম না কিছুতেই। একসময় গ্রামের নাটক দেখতে থাকলাম একনাগাড়ে। তাতেও কি পদ্মের গড়নের নাগাল পাই? অবশেষে পেলাম, ক্রমাগত পাণ্ডুলিপি পড়তে পড়তে একসময় আমার চোখে ভেসে উঠল পদ্মের মুখ—গ্রামের মেয়ে। গায়ের রং ’ঝিম-কালো’। বলার বিষয় হলো, গায়ের এই কালো রং বানাতে গিয়ে আমাকে আড়াই ঘণ্টা ধরে মেকআপ নয়, মেক ডাউন করতে হয়েছে।’—এটুকু বলার পর শর্মী থামলেন। আবার শুরু করলেন তিতাস, ‘এই মেকআপ নেওয়া ও ওঠানোর যন্ত্রণা এড়াতে এবং হিউ (গায়ের রং) মেলানোর জন্য আমি হেঁটেছি একটু ভিন্ন পথে।’
কী? শর্মীসহ সেটি জানতে উৎসুক আমরাও।
রহস্য ভাঙলেন তিনি, ‘১০-১২ দিন মেকআপই তুলিনি, গোসল করতাম ১০-১২ দিন পরপর।’ তিতাস যখন কথাটি বলছেন শর্মী তখন তাঁর দিকে তাকিয়ে আছেন খানিকটা বাঁকাভাবে। সেটি বুঝতে পেরে শর্মীর উদ্দেশ্যে আবারও কথা তিতাসের মুখে, ‘তুমি তো ফাঁকি দিয়েছ। প্রতিটি দৃশ্যে তোমার হিউ ঠিকঠাক মিলেছে কি না, মৃত্তিকা মায়া দেখে সেটি এখন বোঝা দরকার...হা হা হা!’ এরপর রাইসুল ইসলাম আসাদকে উদ্ধৃত করে আরও একটি কথা শোনালেন তিনি, ‘এই ছবিতে আসাদ ভাইয়ের সঙ্গে একত্রে কাজ করেছি, সে সময় কথায় কথায় তিনি বলেছিলেন, “ফিল্ম অনেক কিছু নিয়ে নেয়।”। ছবিটি করার পর আমিও তার প্রমাণ পেয়েছি—মৃত্তিকা মায়া নিয়ে গেছে আমার গায়ের রং ও চুল।’
তিতাসের মুখে আবারও এক পশলা হাসি।
সেদিনের ওই আলাপের পর দুজনের মুখই ছিল হাসিমাখা। আর সেই হাসিই যেন বলে দিচ্ছিল, মৃত্তিকা মায়া জয়ী হয়েছে।