দুটি আড্ডার একটি গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরদৌস ও জয়া আহসান, ২০১২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তাঁরা। এবার দুজন সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী। এরই মধ্যে পুরস্কারের জন্য নাম ঘোষণা হয়ে গেছে। তাঁদের দুজনকে নিয়ে আড্ডা হবে—ভাবনাটা ছিল তেমনই। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় এই দুই তারকার ব্যস্ততা আর হরতাল। যখন আর কোনো সুযোগ নেই, তখন বাধ্য হয়ে ডিজিটাল আড্ডার শরণাপন্ন হতে হলো, মুঠোফোনের মাধ্যমে। ফেরদৌস ও জয়ার সঙ্গে কথা হয় প্রায় একই প্রসঙ্গ নিয়ে, কিন্তু আলাদাভাবে।গত সোমবার কলকাতা যাওয়ার আগে কথা হয় ফেরদৌসের সঙ্গে। তাঁর সঙ্গে যখন কথা হয়, তখন তিনি বিমানবন্দরে। রাত সাড়ে নয়টায় ফ্লাইট। আনুষঙ্গিক সব কাজ শেষ। কিছুক্ষণের জন্য একেবারেই ঝামেলামুক্ত। বললেন, ‘কলকাতায় প্রসেনজিতের সঙ্গে একটি ছবিতে অভিনয় করছি। নাম পরিচয়। ছবির উল্লেখযোগ্য চরিত্র মাত্র দুটি। এর আগে আমরা শুটিং করেছি লন্ডনে। এবার হবে কলকাতায়। ফিরব ১০ মার্চ। ১৩ মার্চ তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে।’ফেরদৌস জানালেন, এর আগে প্রসেনজিতের সঙ্গে দুটি ছবিতে অভিনয় করেছেন তিনি—প্রতিহিংসা ও ফুল আর পাথর।এদিকে এবার তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ফেরদৌস। অন্য দুটি পুরস্কার পেয়েছিলেন হঠাৎ বৃষ্টি (১৯৯৮) ও গঙ্গাযাত্রার (২০০৯) জন্য।ফেরদৌসের সঙ্গে যখন মুঠোফোনে কথা হচ্ছে, প্রথম আলো কার্যালয়ের স্টুডিওতে তখন চলছে জয়ার ফটোসেশন। গত রোববার তিনি কলকাতা থেকে দেশে ফিরেছেন। কলকাতার ছবিতে অভিনয় করেছেন জয়া। ১ মার্চ সেখানে মুক্তি পেয়েছে তাঁর চলচ্চিত্র আবর্ত। ছবির উদ্বোধনী প্রদর্শনী আর প্রচারণায় অংশ নেওয়ার জন্য কলকাতায় গিয়েছিলেন তিনি। প্রথম ছবিতেই দারুণ প্রশংসিত হয়েছেন। বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলে জয়ার অভিনয়ের ভূয়সী প্রশংসা করা হয়।ফেরদৌস এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কুসুম কুসুম প্রেম ছবির জন্য। বললেন, ‘গ্রামের নানা কুসংস্কার কীভাবে মানুষের জীবন বিপন্ন করে তুলতে পারে, তা চমৎকার করে তুলে ধরা হয়েছে। ছবিটিতে কাজ করার পর মনে হয়েছিল, কিছু একটা হতে পারে। শেষ পর্যন্ত সেই ধারণা সত্যি হয়েছে।’জয়ার সঙ্গে কথা হয় গত মঙ্গলবার সকালে। তিনি তখন নতুন একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বললেন, ‘গেরিলার আগে আমি দুটি ছবিতে অভিনয় করেছি—ডুবসাঁতার আর ফিরে এসো বেহুলা। তবে সেলুলয়েডে আমার প্রথম ছবি গেরিলা। পুরস্কার পাব—অভিনয়ের সময় এমনটা একবারও মনে হয়নি। আমি শুধু ভালো একটা কাজ করতে চেয়েছি। তবে ছবিটি মুক্তি পাওয়ার পর যখন অসংখ্য দর্শক আমার অভিনয়ের প্রশংসা করেছেন, সেটাই ছিল আমার জন্য বড় পুরস্কার।’চতুর্থবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার স্বপ্ন দেখছেন ফেরদৌস। জানালেন, সম্প্রতি তাঁর অন্তর্ধান ছবিটি মুক্তি পেয়েছে। পানির অভাবে কীভাবে নদীগুলো শুকিয়ে যাচ্ছে, মানুষের জীবনযাত্রা থমকে যাচ্ছে, অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হতে হচ্ছে সবাইকে—তা এই ছবিতে সুন্দরভাবে তুলে ধরেছেন পরিচালক।অন্তর্ধান ছবিটি মাত্র একটি প্রেক্ষাগৃহে এক সপ্তাহ চলেছে। ফেরদৌস তাই আক্ষেপ করে বললেন, ‘আমাদের দেশে ভালো ছবি ঠিকই তৈরি হচ্ছে, কিন্তু তা দেখার জন্য দর্শকদের সেই মানসিকতা এখনো গড়ে ওঠেনি। অন্তর্ধান-এর মতো ছবি যদি একটি মাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পায়, তাহলে প্রযোজক কেন ভালো ছবির পেছনে অর্থ লগ্নি করবেন?’এ বছর ফেরদৌস অভিনীত আরও চারটি ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তিনি অভিনয় করছেন শোভনের স্বাধীনতা, জলরং ও কিছু আশা কিছু ভালোবাসা ছবিতে। নিজের প্রযোজিত ছবি এক কাপ চা মুক্তির জন্য সম্পূর্ণ প্রস্তুত। ভাবছেন, পয়লা বৈশাখে মুক্তি দেবেন।জয়া এখন অভিনয় করছেন পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ও পারলে ঠেকা ছবিতে। গেরিলার সঙ্গে এই দুটি ছবির একেবারেই কোনো মিল নেই। অন্য রকম। জয়া বললেন, গেরিলা ছিল মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে। আর পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ও পারলে ঠেকা পুরোপুরি বাণিজ্যিক ঘরানার ছবি।কাকতালীয়ভাবে এবার কলকাতায় একই দিনে মুক্তি পেয়েছে ফেরদৌসের ফাইনাল মিশন আর জয়ার আবর্ত। কলকাতার অনেক জায়গাতেই ফেরদৌস আর জয়ার ছবির পোস্টার ছিল পাশাপাশি।ফেরদৌস বললেন, ‘জয়া ও আমাকে নিয়ে কলকাতায়ও ছবি নির্মাণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন কয়েকজন নির্মাতা। এরই মধ্যে আমাদের নিয়ে ব্যারেজে ৮৬ নামের একটি ছবি তৈরির পরিকল্পনাও হয়েছিল। কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত কাজটা আমাদের করা হয়নি। তবে ভবিষ্যতে আমরা ওখানে একই ছবিতে কাজ করতেই পারি।’এদিকে টিভি নাটক থেকে এখন অনেকটাই দূরে আছেন জয়া। বললেন, ‘টিভির জন্য শেষ কাজ করেছি, তাও প্রায় বছর দেড়েক তো হবেই। টিভিতে তেমন কোনো ভালো কাজ পাচ্ছি না। আরেকটি ব্যাপার, ভালো কাজ করলেও তা দর্শকের কাছে পৌঁছায় না। এই কষ্ট থেকেই নাটক থেকে দূরে আছি।’কথা শেষ করতে হবে, ফেরদৌস ফ্লাইটে উঠবেন আর জয়া দাঁড়াবেন ক্যামেরার সামনে। ফেরদৌস তাঁর ইচ্ছার কথা আগেই বলেছেন। এবার জয়া বললেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। দায়িত্ব অনেক বেড়ে গেছে। এ দেশের চলচ্চিত্রে কিছুটা অবদান রাখতে চাই।’