দুটি উৎসবে যাচ্ছে 'অনিল বাগচীর একদিন'

হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবলম্বনে তৈরি অনিল বাগচীর একদিন ছবিটি দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে। উৎসব দুটি হলো শ্রীলঙ্কায় ‘কলম্বো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও থাইল্যান্ডে ‘ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল ব্যাংকক’। কলম্বো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ৬ নভেম্বর। চলবে ১১ নভেম্বর পর্যন্ত। আর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল ব্যাংকক অনুষ্ঠিত হবে ১৩ থেকে ২২ নভেম্বর পর্যন্ত।
অনিল বাগচীর একদিন পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। ছবির নির্বাহী প্রযোজক এন রাশেদ চৌধুরী জানান, কলম্বোতে ছবিটি প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে আর ব্যাংককের উৎসবটি অপ্রতিযোগিতামূলক। আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠেয় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে ছবিটি।
ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশনস। আগামী ১১ ডিসেম্বর মহান বিজয় দিবসের আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অনিল বাগচীর একদিন।
ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরেফ সৈয়দ, গাজী রাকায়েত, তৌফিক ইমন, জ্যোতিকা জ্যোতি, ফারহানা মিঠু, মিশা সওদাগর প্রমুখ।