দুটি ছবি নিয়ে লন্ডন যাচ্ছেন শাকিব

মাত্র এক সপ্তাহ আগে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ পেয়েছেন শাকিব খান। পাঠকদের ভোটে ষষ্ঠবারের মতো এবার এই পুরস্কার পেলেন তিনি। পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ছবির জন্য সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ) হয়েছেন। আগামী ১০ মে পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। খোদার পরে মা ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি। সব মিলিয়ে আনন্দের বন্যায় ভাসছেন শাকিব। বললেন, এই অনুভূতি বলে বোঝানো যাবে না।
শাকিব এখন ব্যস্ত হিরো দ্য সুপারস্টার ছবির কাজ নিয়ে। এবারই প্রথম চলচ্চিত্র প্রযোজনা করছেন তিনি। তাই তাঁর ব্যস্ততা অনেক বেশি। ছবিতে তিনি অভিনয়ও করছেন। শাকিব বলেন, ‘ছবিতে আমি সর্বাধুনিক কারিগরি প্রযুক্তি ব্যবহার করছি। যেহেতু, প্রথম প্রযোজনা করছি, তাই বাজেটের দিকে তাকাচ্ছি না। দর্শকদের নতুন কিছু উপহার দিতে চাই।’
এরই মধ্যে শাকিব আরেকটি ছবি হাতে নিয়েছেন। ছবির নাম রাজা হ্যান্ডসাম।
শাকিব বলেন, ‘ঢাকায় হিরো দ্য সুপারস্টার ছবির কাজ হবে চার-পাঁচ দিন। এরপর শুটিং হবে লন্ডনে। ওখানে রাজা হ্যান্ডসাম ছবিরও শুটিং হবে। আমি একসঙ্গে দুটি ছবি নিয়ে লন্ডন যাচ্ছি। আরও আগেই যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ১০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেবেন। তাই ১২ মে লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’