দুটি ছবিতে সাতটি ভাওয়াইয়া গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহনাজ কাকলীর উত্তরের সুর ও রেজানুর রহমানের আদম-হাওয়া ছবিতে সাতটি ভাওয়াইয়া গান ব্যবহার করা হচ্ছে। আর এই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সফিউল আলম। তিনি জানান, সব কটিই মৌলিক ভাওয়াইয়া গান। উত্তরের সুর ছবির চারটি ভাওয়াইয়া গান হলো—‘মুই বাজাং মোর সাধের দোতরা, তাতে মানুষের কী’, ‘মনটায় মোর পিঠা খাবার চায়’, ‘ও মঙ্গলের মাও আগুন জ্বালাও’ এবং ‘ও আমার উত্তরের সুর’। গানগুলো লিখেছেন ওস্তাদ নুরুল ইসলাম, আ. করিম ও শিল্পী নিজেই। আদম-হাওয়া ছবির সব কটি গানই লিখেছেন নুরুল ইসলাম। গানগুলো হলো—‘নিয়া যা ভাসেয়া শ্যাওলারে’, ‘ক্যানে গ্যাছিনু বৈদ্যাশতে চান্দের বাজার থুইয়া’ ও ‘দুঃখে খায় গিলিয়া’। সফিউল আলম আরও জানান, তাঁর গানের দল ‘ভাওয়াইয়া’র উদ্যোগে রাজধানীতে ভাওয়াইয়া গানের ওপর ছয় মাসব্যাপী কর্মশালা হচ্ছে। আগামী ৮ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলায়তনে কর্মশালার সমাপনী অনুষ্ঠান হবে। সফিউল আলম ২০০৬ সালে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত ‘বেঙ্গল বিকাশ কর্মসূচি’তে লোকসংগীতে শ্রেষ্ঠ মান অর্জন করেন।