দুটি তথ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি তথ্যচিত্র তৈরি করেছেন সেন্টু রায়। আলতাফ মাহমুদ ও জহির রায়হানকে নিয়ে। তথ্যচিত্র দুটি আমাদের নিয়ে যাবে বায়ান্নতে, নিয়ে যাবে একাত্তরে। আলতাফ মাহমুদ বায়ান্নতে ঢাকায় ছিলেন না, কিন্তু একসময় তাঁর দেওয়া সুরটিই হয়ে ওঠে একুশের সুর। আবদুল লতিফের সুরের জায়গায় স্থান করে নেয় আলতাফ মাহমুদের সুরটি। আমরা এখন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি যেভাবে শুনি, সেটি আলতাফ মাহমুদের। জহির রায়হান সরাসরি অংশ নিয়েছিলেন ভাষা আন্দোলনে। গ্রেপ্তার হয়েছিলেন। জেলে বসেই লিখেছিলেন ভাষা আন্দোলনের ওপর উপন্যাস।কথাগুলো বলছি তরুণ প্রজন্মের সঙ্গে এ দুই অবিস্মরণীয় মানুষের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। দিন গেছে বদলে। বই পড়ে নিজেদের ইতিহাস জেনে নেওয়ার চেষ্টা আজকাল কমই করে মানুষ। দৃষ্টান্তস্থানীয় মানুষের জীবন সম্পর্কে জেনে ঋদ্ধ হওয়ার চেষ্টাতেও বুঝি ভাটা পড়েছে। তাই এ দুটি তথ্যচিত্র কিছুটা হলেও চৈতন্যের ফাঁক ভরাট করবে বলে মনে হয়। অন্তত জাতির দুজন শ্রেষ্ঠ সন্তান সম্পর্কে একটা ধারণা পাবেন আজকের তরুণ।আলতাফ মাহমুদকে হত্যা করা হয়েছে মুক্তিযুদ্ধ চলাকালেই। নির্মম অত্যাচার চলেছিল তাঁর ওপর। মুক্তিযোদ্ধাদের অস্ত্র ছিল তাঁর কাছে। বাড়ির একটি গর্ত থেকে সে অস্ত্র উদ্ধার হয়। আলতাফ মাহমুদকেই অস্ত্র খুঁজে বের করতে বাধ্য করেছিল পাকিস্তানি সেনারা। তারপর ড্রাম ফ্যাক্টরির কাছে একটি নির্যাতন কেন্দ্র সাক্ষী হয়েছে আলতাফ মাহমুদের ওপর অকথ্য নির্যাতনের। অন্যদিকে জহির ফিরে এসেছিলেন স্বাধীন বাংলাদেশে। অগ্রজ শহীদুল্লা কায়সারের অন্তর্ধানের খবর পেয়ে করতে থাকেন তাঁর খোঁজ। একটি ফোন আসে। বলা হয়, শহীদুল্লা কায়সারকে আটকে রাখা হয়েছে মিরপুরে। মিরপুর তখনো পাকিস্তানি বাহিনীর একটি অংশ ও বিহারিদের দখলে। তাদের হাতে বিপুল অস্ত্রশস্ত্র। বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর একটি দলের সঙ্গে জহির যান ভাইয়ের সন্ধানে। বৃষ্টির মতো চলতে থাকা গুলিতে জহিরও শহীদ হন। সেটি ১৯৭২ সালের ৩০ জানুয়ারি।এই মানুষ দুজনকে নিয়ে তাঁদের কাছের মানুষেরা স্মৃতিচারণা করেছেন সেন্টু রায়ের তথ্যচিত্রে। বিভিন্ন সময় তাঁদের কাজের বর্ণনা দিয়েছেন তাঁরা। কোনো কোনো ক্ষেত্রে সেন্টু রায় রিকনস্ট্রাকশন, ধারা বর্ণনার আশ্রয় নিয়েছেন। কথার সূত্র ধরে প্রাসঙ্গিক ছবি দেখিয়েছেন। গানগুলোর বেশির ভাগই সুপ্রযুক্ত। ফলে তথ্যচিত্র দুটি দৃষ্টিনন্দন ও শ্রুতিমধুর হয়েছে। যাঁরা দেখবেন, তাঁরা আলতাফ মাহমুদ ও জহির রায়হানের বেড়ে ওঠা, আদর্শে স্থিত হওয়া, ক্রগামত সৃজনশীলতার প্রতি আস্থা সঞ্চয় করা সম্পর্কে ধারণা পাবেন। ছোট্ট দু-একটি কথা না বললেই নয়। আলতাফ মাহমুদের কমিটমেন্টের জায়গাটা কত বড় ছিল, তা বোঝা যাবে ঘনিষ্ঠজনদের আলোচনা থেকেই। নিজের সংসারই চলে না, তার পরও ছাত্রসংগঠনের অনুষ্ঠান যেন সুচারুভাবে হতে পারে, সে জন্য ঠিক সময়মতো হাজির হন মহড়ায়। সে সময় কোরাসে যারা অংশ নেবে, তাদেরও কেউ কেউ অনুপস্থিত। কিংবা কৃষক সমাবেশে একদল মানুষ দাঁড়িয়ে গেল গানের বিরোধিতা করে। গানে গানেই তাদের জব্দ করলেন আলতাফ, শুনিয়ে গেলেন একের পর এক কৃষকের মনে জ্বালা ধরিয়ে দেওয়া গান। জহির রায়হান যে কত দিকে কত ধরনের কাজ করেছেন, তার হিসাব রাখা কঠিন। কবিতা, গল্প, উপন্যাস, চলচ্চিত্র, পত্রিকা প্রকাশ—কী করেননি তিনি? চলচ্চিত্রে নানা ধরনের এক্সপেরিমেন্টও করেছেন। সিনেমাস্কোপ ছবি নির্মাণ, রঙিন ছবি নির্মাণের সাহস দেখানো—কত কিছুই না আছে তাঁর ঝুলিতে। দুটি তথ্যচিত্র এ দুজন অসাধারণ মানুষকে নতুন করে পরিচয় করিয়ে দেবে আমাদের সঙ্গে, বিশেষ করে নতুন মানুষদের সঙ্গে।তথ্যচিত্র দুটি দেখতে দেখতে কয়েকটি প্রশ্ন এল মনে। তথ্যচিত্রগুলোর দৈর্ঘ্য কি একটু বেশি হয়ে গেল না? আরও আঁটসাঁট হলে কি ভালো হতো না? ধারাবর্ণনা, আবৃত্তি বা রিকনস্ট্রাকশনের সময় সংলাপগুলোর উচ্চারণ কি আরেকটু ভালো করা যেত না? কোনো কোনো গান প্রয়োজনের তুলনায় একটু বেশি জায়গা নিয়েছে বলে মনে হয়েছে। নির্যাতনের সময় রক্তাক্ত আলতাফ মাহমুদকে বীভৎস লেগেছে। চাইলেই দৃশ্যটি এড়িয়ে যাওয়া যেত। শহীদদের চেহারায় জহির রায়হানের মুখের ছবি বসিয়ে দেওয়ার বিষয়টিকে খুবই অপরিপক্ব মনে হয়েছে।এগুলো ভালো ছবি দুটির মধ্যে খুঁত ধরার চেষ্টামাত্র। খুবই ভালো কাজ করেছেন সেন্টু রায়। এ ধরনের কাজের প্রতি কমিটমেন্ট থাকার অর্থ হলো এই, সোঁদা মাটির কাছাকাছি থাকা। আমরা তো চাইবই, দেশের সেরা সন্তানদের নিয়ে সেন্টু রায় একের পর এক তথ্যচিত্র নির্মাণ করেন। সেন্টু রায় সৃজনশীল মানুষ। গবেষণা করে ঠিক জিনিসটি তুলে আনতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। তাই তাঁর কাছ থেকে আমরা এ ধরনের আরও অনেক কাজ দেখতে চাই।