দুটি পুরস্কার পেলেন ওয়ার্দা
ভারতে দুটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন বাংলাদেশের নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব। ওডিশার কটকে সপ্তাহব্যাপী নৃত্য উৎসবে গত বুধবার আন্তর্জাতিক নৃত্য শিরোমণি পুরস্কার পান ওয়ার্দা। তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন ওড়িসি নৃত্যগুরু শ্রীকেলুচরণ মহাপাত্রের পুত্র শ্রীরতিকান্ত মহাপাত্র ও পুত্রবধূ শ্রীমতী সুজাতা মহাপাত্র। এর আগে গত মাসে অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তম আন্তর্জাতিক ধ্রুপদি নৃত্যোৎসবে ‘নাট্য সারথি পুরস্কার’ পান ওয়ার্দা। এ পুরস্কার পেয়েছেন জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, নেপাল, ইজরায়েল, শ্রীলঙ্কা, ফ্রান্স ও বাংলাদেশের দশজন ধ্রুপদি নৃত্যশিল্পী। কটক থেকে মুঠোফোনে ওয়ার্দা জানান, একজন বাংলাদেশি নৃত্যশিল্পী হিসেবে আমার কাছে মনে হয়েছে, এটা দেশের অর্জন। গতানুগতিক স্রোতে গা না ভাসিয়ে আমাদের দেশের যেসব নৃত্যশিল্পী সুস্থ নৃত্যকে বাঁচিয়ে রেখেছেন, তাঁদের এই দুটি পুরস্কার উৎসর্গ করতে চাই।’