দুটি প্রতিবেদনের ওপর নির্ভর করছে অস্ত্রোপচারের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজম খান আগের চেয়ে এখন একটু ভালো। সিঙ্গাপুর থেকে জানানো হয়েছে, গত শনিবার তাঁর পেট (পজিট্রন ইমিশন টুমোগ্রাফি) টেস্টের প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর জিহ্বার নিচে যেখানে ক্যানসার ধরা পড়েছে, সেখান থেকে তা আর কোথাও ছড়িয়ে পড়েনি। তবে এটা পুরোপুরি ভালো হওয়ার জন্য দ্রুত অস্ত্রোপচার করতে হবে। মাউন্ট এলিজাবেথ রেডিয়েশন অনকোলজি সেন্টারের জ্যেষ্ঠ কনসালটেন্ট চিকিৎসক লি কিম সাং তাঁকে দীর্ঘ সময় পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যবেক্ষণের পর এই অভিমত দিয়েছেন। আজম খান এখন ওই হাসপাতালের জ্যেষ্ঠ কনসালটেন্ট চিকিৎসক লিম হং লিয়াংয়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। লিম হং জানিয়েছেন, অস্ত্রোপচারের আগে তাঁরা আজম খানের একটি এমআরআই (ম্যাগনেটিক রেজোনেন্স ইম্যাজিং) করাতে চান। সিঙ্গাপুরে আজম খানের সঙ্গে আছেন এরশাদুল হক। তিনি জানিয়েছেন, আজ সকালে এমআরআই করা হবে। নাক, কান ও গলারোগ বিশেষজ্ঞ এন্ড্রু লয় হেং চেইনের কাছ থেকে আজম খানের একটি বায়োপসি প্রতিবেদন পাওয়া যাবে। দুটি প্রতিবেদনের ওপর ভিত্তি করেই অস্ত্রোপচারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।