দুদু মিয়া চরিত্রে আমিন খান
ফরায়েজি আন্দোলনের অন্যতম নেতা এবং ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অংশ নেওয়া দুদু মিয়ার সংগ্রাম ও জীবনকাহিনি নিয়ে চলচ্চিত্র নির্মিত হচ্ছে। ডায়েল রহমানের চিত্রনাট্য ও পরিচালনায় এ ছবিতে দুদু মিয়ার চরিত্রে অভিনয় করছেন আমিন খান। গত সপ্তাহে সিলেটের জাফলংয়ে ছবির শুটিং শুরু হয়েছে।‘দুদু মিয়া’ ছবিতে অভিনয় প্রসঙ্গে আমিন খান বলেন, ‘আমার চলচ্চিত্র ক্যারিয়ারে আজ পর্যন্ত অসংখ্য ছবিতে অভিনয় করেছি। কিন্তু ইতিহাসনির্ভর ছবিতে অভিনয় করা হয়নি। এবারই প্রথম এ ধরনের ছবিতে অভিনয় করছি। আমি বেশ রোমাঞ্চিত।’আমিন খান আরও বলেন, ‘দুদু মিয়ার সংগ্রাম ও জীবনকাহিনি কিন্তু সবার জানা। তাই বেশ বুঝে-শুনে কাজটি করতে হচ্ছে। ছবির শুটিংয়ের জন্য আমাকে কখনো স্ক্রিন টেস্টে অংশ নিতে হয়নি। কিন্তু এ ছবিতে অভিনয়ের জন্য তা-ও করতে হয়েছে। শুটিং শুরুর মাস খানেক আগে থেকে পরিচালকের সঙ্গে আলাপ-আলোচনা করে সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে আমিন খান বলেন, ‘তিন দিন সিলেটের জাফলংয়ে আমরা দুটি গানের শুটিং করেছি। দুটি গানই অসাধারণ হয়েছে। আমার বিশ্বাস, শ্রোতাদেরও গানগুলো ভালো লাগবে।’‘দুদু মিয়া’ ছবিতে আমিন খানের বিপরীতে অভিনয় করছেন নওশীন। এটি এ জুটির প্রথম চলচ্চিত্র। এর আগে তাঁরা দুজন একটি টেলিছবিতে অভিনয় করেছিলেন। সুস্ময় সুমনের পরিচালিত ওই টেলিছবির নাম ‘সময়ের ভালোবাসা অসময়ে বাস কেন’।