দুনিয়া কাঁপানো সত্য ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতি নিয়েও বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে। এর মধ্যে সত্য ঘটনা অবলম্বনে তৈরি চলচ্চিত্রের সংখ্যাও কম নয়। এখানে বেছে নেওয়া হয়েছে সে রকম কয়েকটি চলচ্চিত্র। মূলত যেসব ঘটনা বিশ্ব রাজনীতিতে বড় ধরনের ধাক্কা দিয়েছিল, সেসব ঘটনা নিয়ে তৈরি চলচ্চিত্র নিয়েই এই আয়োজন।জেড: রাজনীতি নিয়ে ছবি করার ক্ষেত্রে গ্রিক পরিচালক কস্তা গরভাস পরিচালকদের প্রথম সারিতেই থাকবেন। তাঁর সবচেয়ে বিখ্যাত ছবি জেড। মূলত একটি হত্যাকাণ্ডকে ঘিরেই ছবিটি নির্মিত হয়েছে। গ্রেগরিস ল্যামব্রাকিস নামের গ্রিক রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী প্রকাশ্যে গুপ্তঘাতকের হাতে খুন হয়েছিলেন ১৯৬৩ সালে। চরম ডানপন্থী দুজন কর্মী খুন করলেও তাদের পেছনে ছিল পুলিশ বাহিনীসহ আরও অনেকে। এই খুন গ্রিসের রাজনীতিতে বড় ধরনের সংকট তৈরি করেছিল। তদন্ত শুরু হলে বেরিয়ে আসে একের পর এক সত্য ঘটনা। শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছিল সে সময়ের সরকার। নির্বাচনের তারিখও দেওয়া হয়েছিল। ল্যামব্রাকিসের বামপন্থী দল যখন নির্বাচনের জয়লাভ করবে বলে সবাই নিশ্চিত, সে সময় গ্রিক সেনাবাহিনী ক্ষমতা দখল করে নেয়। বলা হয়, এর পেছনে মার্কিন হাত ছিল। জেড মুক্তি পেয়েছিল ১৯৬৯ সালে।অল দ্য প্রেসিডেন্টস ম্যান: বিখ্যাত ওয়াটারগেট কেলেঙ্কারি নিয়ে এ ছবি। এর ফলে শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট নিক্সনকে পদত্যাগ করতে হয়েছিল। আর ঘটনাটি উদ্ঘাটন করেছিলেন দুই সাংবাদিক, যাঁরা ইতিহাসের অংশ হয়ে আছেন।১৯৭২ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময়ে ক্ষমতাসীন রিপাবলিকান দল ও প্রশাসনের কয়েকজন মিলে ওয়াশিংটন ডিসির ওয়াটারগেটে ডেমোক্র্যাটদের সদর দপ্তরে আড়িপাতার যন্ত্র বসিয়েছিল। ওয়াশিংটন পোস্টের দুই সাংবাদিক বব উডওয়ার্ড ও কার্ল বার্নস্টেইন এ ঘটনার পেছনে কারা ছিল, তা ফাঁস করে দেন। তাঁদের খবরের উৎস ছিল ডিপথ্রোট নামের একজন সোর্স। রবার্ট রেডফোর্ড ও ডাস্টিন হফম্যান এই সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেন।ফ্রস্ট/নিক্সন: ১৯৭৭ সাল। নিক্সন পদত্যাগ করে চুপচাপ আছেন। ডেভিড ফ্রস্ট তখন বিখ্যাত কেউ নন। ঠিক করলেন নিক্সনের একটা সাক্ষাৎকার নেবেন। নিক্সন তখন একপ্রকার নির্বাসিত গ্লানিময় জীবন যাপন করছেন। ইতিহাসের অন্যতম বড় কেলেঙ্কারির জন্মদাতা তিনি। নিক্সন রাজি হলেন ফ্রস্টকে সাক্ষাৎকার দিতে। তবে এ জন্য দর হাঁকলেন ছয় লাখ ডলার। শর্ত হচ্ছে, চারটি পর্ব হবে চার বিষয়ে। ওয়াটারগেট, ভিয়েতনাম যুদ্ধ, অভ্যন্তরীণ নীতি ও ব্যক্তি নিক্সন। নিক্সন ভাবলেন, এ সাক্ষাৎকারের মাধ্যমে তিনি আবার নিজের ইমেজ উদ্ধার করবেন। ফ্রস্ট তাঁর সঙ্গে কথায় পারবে না বলেই সবার ধারণা। বিষয়টি সহজভাবে নিল না মার্কিনরাও। তারা মনে করে, যে লোকের জেলে থাকা উচিত, সেই লোককে ধনী করে দিচ্ছেন ফ্রস্ট। ফ্রস্টের তখন অস্তিত্বের লড়াই। শুরু হলো মনস্তাত্বিক খেলা। সাক্ষাৎকারে সুবিধা করতে পারছে না ফ্রস্ট। নিক্সন, বলা যায়, দাঁড়াতেই দিল না ফ্রস্টকে। ফ্রস্ট-শিবিরে চরম হতাশা। বাকি আছে ওয়াটারগেট পর্ব। শুরু হলো আসল খেলা।১৯৭৭ সালে এই চার পর্বের সাক্ষাৎকার প্রচারিত হয়। এখন পর্যন্ত সবচেয়ে বেশি দেখা সাক্ষাৎকারের রেকর্ড এটি। এ থেকে ফ্রস্টের আয় হয়েছিল ১০ লাখ ডলার।রন হাওয়ার্ডের পরিচালনায় এ ছবি মুক্তি পায় ২০০৮ সালে। দ্য পেন্টাগন পেপার্স: ভিয়েতনাম যুদ্ধের অন্যতম রূপকার ছিলেন রবার্ট ম্যাকনামারা। ১৯৬৭ সালে ম্যাকনামারা ছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। সে সময় তিনি ভিয়েতনাম-মার্কিন সম্পর্ক ও যুদ্ধ নিয়ে গোপনে ভিয়েতনাম স্টাডি টাস্ক ফোর্স গঠন করেছিলেন। এমনকি সে সময়ের প্রেসিডেন্ট লিন্ডন জনসনও তা জানতেন না। এ স্টাডি গ্রুপ সাত হাজার পৃষ্ঠার একটি প্রতিবেদন তৈরি করেছিল, যার চার হাজার পৃষ্ঠাই ছিল কেবল গোপন দলিল। প্রতিবেদনে দেখানো হয়েছিল যুক্তরাষ্ট্র কীভাবে একের পর এক মিথ্যা কথা বলে ভিয়েতনামে যুদ্ধ শুরু করেছিল। মার্কিন সরকার কেবল দেশের মানুষকেই মিথ্যা বলেনি, কংগ্রেসকেও মিথ্যা তথ্য দিয়েছিল। এ প্রতিবেদনের নামই পেন্টাগন পেপার্স।প্রতিবেদনটি ফাঁস হয়ে যায়। ধারাবাহিকভাবে সেটি ছাপা হয়েছিল নিউইয়র্ক টাইমস-এ। ড্যানিয়েল এলসবার্গ নামের একজন মিলিটারি অ্যানালিস্ট সেটি ফাঁস করে দেন। পরবর্তী সময় নিক্সন সরকার মামলাও করেছিল পত্রিকা ও এলসবার্গের বিরুদ্ধে। সেটি নিয়েই ছবি দ্য পেন্টাগন পেপার্স, ২০০৩ সালে মুক্তি পায়।থার্টিন ডেজ: ১৯৬২ সালে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রায় লেগেই গিয়েছিল বলা যায়। কিউবার মিসাইলসংকট নিয়ে এ যুদ্ধ লাগার উপক্রম হয়। কিউবার ফিদেল কাস্ত্রোকে উৎখাত করার একের পর এক চেষ্টা বিফলে যাওয়ায় মরিয়া হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র। অনেকেরই আশঙ্কা ছিল, কিউবা আক্রমণ করবে যুক্তরাষ্ট্র। আর তা ঠেকাতে সোভিয়েত ইউনিয়ন কিউবায় অনেক মিসাইল স্থাপন করেছিল। এসব মিসাইল দিয়ে যুক্তরাষ্ট্রের একটি বড় অংশ ধ্বংস করা সম্ভব ছিল। এই মিসাইল স্থাপন নিয়েই শুরু হয় সংকট।জন এফ কেনেডি তখন মার্কিন প্রেসিডেন্ট। আর নিকিতা ক্রুশ্চেভ সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। দুই দেশের মধ্যে এ নিয়ে আলোচনার সূত্রপাত হয়েছিল এবিসি নিউজ-এর এক সাংবাদিক জন এ স্কালির মাধ্যমে। পরে ঠিক হয়, সোভিয়েত ইউনিয়ন মিসাইল সরিয়ে নেবে আর যুক্তরাষ্ট্র কখনোই কিউবা আক্রমণ করবে না।পুরো ঘটনাটি ১৩ দিনের। আর চলচ্চিত্রটি সেই ১৩ দিন নিয়েই। ২০০০ সালের এ ছবির মূল অভিনেতা কেভিন কস্টানার।এবার একটি বোনাস। জন রিডের দুনিয়া কাঁপানো ১০ দিন পড়েননি, এমন পড়ুয়া পাওয়া মুশকিল। মার্কিন সাংবাদিক জন রিড রুশ বিপ্লব ঘটার সেই ১০ দিনের বর্ণনা দিয়েছিলেন এ বইয়ে। সেই বই নিয়েই ছবি রেডস। ১৯৮১ সালে মুক্তি পাওয়া ওয়ারেন বেটির এ চলচ্চিত্র আগ্রহী ব্যক্তিরা দেখতে পারেন।