দুপুরে এসে সন্ধ্যায় কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরিজিৎ সিং ষ ছবি: সৈকত ভদ্র
অরিজিৎ সিং ষ ছবি: সৈকত ভদ্র

ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং গতকাল শুক্রবার সন্ধ্যায় গান গেয়েছেন একটি পাঁচতারকা হোটেলে। তিনি দুপুরে ঢাকায় আসেন। এরপর বিকেলে একই স্থানে বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের মুখোমুখি হন।
অরিজিৎ জানান, বাংলাদেশের সঙ্গে তাঁর নাড়ির সম্পর্ক। রাজশাহীতে তাঁর নানির বাবার বাড়ি। তবে অরিজিৎ মুর্শিদাবাদের ছেলে। এবারই প্রথম তিনি বাংলাদেশে এসেছেন। সম্প্রতি তিনি বিয়ে করেন দীর্ঘদিনের বন্ধু কোয়েলকে। ইচ্ছা থাকলেও নানা ব্যস্ততার কারণে স্ত্রীকে সঙ্গে আনতে পারেননি।
আলাপ প্রসঙ্গে জানালেন, বাংলাদেশের কবি শামসুর রাহমানের লেখা তাঁর খুব পছন্দ। জেমস, আইয়ুব বাচ্চু আর তপুর গান ভালো লাগে। অর্ণবের সঙ্গে রয়েছে তাঁর ব্যক্তিগত যোগাযোগ।
২০০৫ সালে সনি টিভির রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’-এর সেরা ছয়ে ছিলেন অরিজিৎ। এরপর তিনি সুরকার ও সংগীত পরিচালক প্রীতমের সহকারী হিসেবে কাজ শুরু করেন। চলচ্চিত্রে গান গেয়ে অল্প দিনেই দারুণ জনপ্রিয়তা পান। এখন তিনি বাংলা ও হিন্দি ছবিতে কাজ করছেন।
গান নিয়ে তিনি বলেন, ‘গান কোনো রেস নয়। নিজের গানটা আমি ভালোভাবে আর মন দিয়ে করার চেষ্টা করি।’
‘বোঝে না সে বোঝে না’ গানটির কথা আলাদাভাবে উল্লেখ করে তিনি বলেন, ‘এই একটি মাত্র গান আমাকে মজবুত অবস্থান তৈরি করে দিয়েছে। আর আশিকি টু ছবিতে “তুম হি হো” গানটি বলিউডে আমাকে আলাদাভাবে পরিচিত করেছে।’
জানালেন ২০০৭ সাল থেকে তিনি নিয়মিত প্লেব্যাক করছেন। শুধু গত বছর বলিউডের ১৩টি ছবির গানে কণ্ঠ দিয়েছেন। আর এ বছর কণ্ঠ দিয়েছেন কুইন, শাদি কা সাইড ইফেক্টস, গুন্ডেসহ আটটি ছবিতে।
সবশেষে সন্ধ্যার কনসার্টের জন্য সবার শুভকামনা চেয়ে তিনি বিদায় নেন।