দুবাই উত্সবে বিশেষ জুরি পুরস্কার পেল টেলিভিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন চলচ্চিত্রটি বিশ্বের বেশ কয়েকটি নামী চলচ্চিত্র উত্সবে অংশ নিলেও এবারই প্রথম কোন উত্সবে পুরস্কার পেল, জানিয়েছেন টেলিভিশন নির্মাতা ফারুকী। ৯ থেকে ১৬ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচিত হয় ‘টেলিভিশন’। উত্সবের সমাপনী দিনে ‘টেলিভিশন’ ছবিটি বিশেষ জুরি পুরস্কার পায়। ছবিটির পরিচালক ফারুকীর হাতে পুরস্কার তুলে দেন দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র নির্মাতা ও জুরি সভাপতি লি চ্যাং ডং।পুরস্কার জেতার পর এক প্রতিক্রিয়ায় প্রথম আলো ডটকমকে ফারুকী বলেন, ‘জুরি সভাপতি ও দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র নির্মাতা লি চ্যাং ডং টেলিভিশন ছবিটির প্রশংসা করেছেন। পুরস্কারের চেয়েও তাঁর এই মন্তব্য আমার কাছে মূল্যবান মনে হয়েছে।’দুবাই উত্সবে শ্রেষ্ঠ ছবি নির্বাচিত হয়েছে তুরস্কের ছবি ‘ইনসাইড’। ‘পিয়েতা’ ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতেছেন ভেনিস উত্সবের গোল্ডেন লায়ন জেতা কিম কি দুক। দুবাই উত্সবে সানড্যান্স পুরস্কার পাওয়া মুসা সাঈদের ‘ভ্যালি অব সেইন্টস’ (যুক্তরাষ্ট্র), ভেনিস উত্সব থেকে আসা ব্রিলান্তে মেন্দোজা পরিচালিত ‘দাই ওম্ব’ (ফিলিপাইন), কার্লোভি ভেরি প্রতিযোগিতায় আলোচিত হোসেন তাবাকের ‘ইওর বিউটি ইজ ওর্থ নাথিং’ (অস্ট্রিয়া), কান ফেস্টিভ্যালে আলোচিত অসীম আহলুয়ালিয়া’র ‘মিস লাভলি’ (ভারত) এবং টরন্টো ফেরত আনন্দ গান্ধীর ‘শিপ অব থেসিয়াস’ (ভারত) ও অশোক হান্ডাগামা পরিচালিত ‘ইনি আভান’ (শ্রীলঙ্কা) ছবিগুলোও প্রদর্শিত হয়েছে। ‘টেলিভিশন’ ছবিটি প্রযোজনা করেছে ছবিয়াল, স্টার সিনেপ্লেক্স ও মোগাদর ফিল্ম (জার্মানি)। যৌথভাবে এর চিত্রনাট্য রচনা করেছেন আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকী। ‘টেলিভিশন’ ছবির অভিনয়শিল্পীরা হলেন: মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, শামীম শাহেদ, মুকিত জাকারিয়া, ইমাম আলীসহ আরও অনেকে।