দুবাই উৎসবে ‘টেলিভিশন’
দুবাই উৎসবের প্রতিযোগিতা বিভাগের জন্য মনোনীত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র টেলিভিশন। আগামী ৯ থেকে ১৬ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে এ উৎসব। দ্য হলিউড রিপোর্টার, স্ক্রিন ডেইলি, ভ্যারাইটি ও ফিল্ম বিজনেস এশিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, বাংলাদেশের টেলিভিশন ছাড়াও এ উৎসবের প্রতিযোগিতা বিভাগে থাকছে সানড্যান্স পুরস্কার পাওয়া মুসা সাইদের ভ্যালি অব সেইন্টস (যুক্তরাষ্ট্র), ভেনিস উৎসবে অংশ নেওয়া ব্রিলান্তে মেন্দোজার দাই ওম্ব (ফিলিপাইন), টরন্টো উৎসবের অশোক হান্ডাগামার ইনি আভান (শ্রীলঙ্কা), আনন্দ গান্ধীর শিপ অব থেসিয়াস (ভারত), কার্লোভি ভেরি প্রতিযোগিতায় আলোচিত হোসেন তাবাকের ইয়োর বিউটি ইজ ওর্থ নাথিং (অস্ট্রিয়া) ও কান উৎসবে আলোচিত অসিম আহলুয়ালিয়ারের মিস লাভলি (ভারত)। প্রতিযোগিতা বিভাগের জন্য চূড়ান্তভাবে মনোনীত ছবির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে ২৬ নভেম্বর। জানা গেছে, সেরা ছবির জন্য দেওয়া হবে ৪০ লাখ টাকা সমমানের ‘মোহর পুরস্কার’। উৎসবে সেরা ছবি ছাড়াও থাকছে সেরা পরিচালক, অভিনেতা, অভিনেত্রীসহ বিভিন্ন বিভাগের জন্য পুরস্কার।ফারুকী জানান, উৎসবে অংশ নিতে দুবাই যাবেন তিনি।