দুবাইয়ে মোহর পুরস্কারে মনোনয়ন পেল ‘টেলিভিশন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুশান চলচ্চিত্র উত্সবে সমাপনী ছবি হিসেবে সমাদৃত হওয়ার পর এবার দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র ‘টেলিভিশন’। প্রথম আলো ডটকমকে খবরটি নিশ্চিত করেছেন ফারুকী।ফারুকী বলেন, ‘আগামী ৯ থেকে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নবম দুবাই চলচ্চিত্র উত্সব। এ উত্সবে প্রদর্শিত হবে “টেলিভিশন” ছবিটি।’ফারুকী আরও বলেন, ‘নবম দুবাই চলচ্চিত্র উত্সবে নির্বাচিত ছবিগুলো সেরা ছবির পুরস্কার “মোহর অ্যাওয়ার্ড”-এর জন্য লড়বে। বাংলাদেশি মুদ্রায় ৪০ লাখ টাকার সমমানের পুরস্কার পাবে সেরা ছবি। এ ছাড়া সেরা পরিচালক, অভিনেতা, অভিনেত্রীসহ বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হবে।’ উত্সবে অংশ নিতে মোস্তফা সরয়ার ফারুকী ৯ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দুবাই অবস্থান করবেন। ‘দ্য হলিউড রিপোর্টার’, ‘স্ক্রিন ডেইলি’, ‘ভ্যারাইটি’ ও ‘ফিল্ম বিজনেস এশিয়া’র প্রতিবেদন থেকে জানা গেছে, এই উত্সবে আরও থাকছে সানড্যান্স পুরস্কার পাওয়া মুসা সাইদের ‘ভ্যালি অব সেইন্টস’ (যুক্তরাষ্ট্র), ভেনিস উত্সব থেকে আসা ব্রিলান্তে মেন্দোজা পরিচালিত ‘দাই ওম্ব’ (ফিলিপাইন), টরন্টোফেরত অশোক হান্ডাগামা পরিচালিত ‘ইনি আভান’ (শ্রীলঙ্কা), কার্লোভি ভেরি প্রতিযোগিতায় আলোচিত হোসেন তাবাকের ‘ইওর বিউটি ইজ ওর্থ নার্থিং’ (অস্ট্রিয়া), কান ফেস্টিভ্যালে আলোচিত অসীম আহলুয়ালিয়া’র ‘মিস লাভলি’ (ভারত) এবং টরন্টোফেরত আনন্দ গান্ধীর ‘শিপ অব থেসিয়াস’ (ভারত) ছবিগুলো। চূড়ান্তভাবে নির্বাচিত ১৫টি ছবির তালিকা প্রকাশ করা হবে ২৬ নভেম্বর। ‘টেলিভিশন’ ছবিটি প্রযোজনা করেছে ছবিয়াল, স্টার সিনেপ্লেক্স ও মোগাদর ফিল্ম (জার্মানি)। যৌথভাবে এর চিত্রনাট্য রচনা করেছেন আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকী। ‘টেলিভিশন’ ছবির অভিনয়শিল্পীরা হলেন: মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, শামীম শাহেদ, মুকিত জাকারিয়া, ইমাম আলীসহ আরও অনেকে।