
দুরন্ত গতিতে ধাবমান মোটরগাড়ির প্রতিযোগিতা। অবিশ্বাস্য সব অ্যাকশন দৃশ্য। কখনো কখনো চোখধাঁধানো বিস্ফোরণ। তারুণ্যের দারুণ পছন্দের এই ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস সিরিজের নতুন চলচ্চিত্র এসেছে। নাম দ্য ফেইট অব দ্য ফিউরিয়াস। প্রধান তারকা ভিন ডিজেল এবারও ডমিনিক টরেটোর ভূমিকায় এ ছবিতে গতির খেলা দেখিয়েছেন। তাঁর সঙ্গে প্রধান খল চরিত্র সাইফারের রূপে অভিনয় করেছেন অস্কারজয়ী তারকা শার্লিজ থেরন। তিনি জার্মানির বার্লিনে ছবিটির প্রিমিয়ারে বলেছেন, ১৬ বছর ধরে নির্মিত হচ্ছে এই জনপ্রিয় ছবিটি। এতে কাজ করাটা যেমন কঠিন, তেমনি আনন্দের।
ডিজেল বললেন, বেশ কয়েক বছর আগে তিনি এই সিরিজ থেকে বেরিয়ে গিয়েছিলেন। কারণ চিত্রনাট্য অপছন্দ হয়েছিল।
সিরিজের অষ্টম ছবিটি পরিচালনায় ছিলেন এফ গ্রে গ্রে। এতে ডিজেল-থেরনের পাশাপাশি অভিনয় করেছেন জ্যাসন স্ট্যাথাম, দ্য রকখ্যাত ডোয়াইন জনসন, মিশেল রড্রিগেজ, টাইরেসি গিবসন প্রমুখ।
নতুন ছবিটির প্রচারের কাজে চীনের রাজধানী বেইজিংয়ে গিয়েছিলেন ডিজেল। সেখানে সাংবাদিকদের তিনি বলেছেন, শার্লিজ যখন দেখলেন তাঁকে কোনো গাড়ি চালাতে দেওয়া হবে না—খুবই মন খারাপ করলেন। কিন্তু এই ছবিতে তিনি নিজেকে যেমন আপসহীন রূপে তুলে ধরেছেন, সেটা দেখে এখন নিজেই গর্ববোধ করবেন।
জ্যাসন স্ট্যাথাম বলেন, নিজেদের অক্ষত রেখে রুদ্ধশ্বাস সব অ্যাকশন দৃশ্য ধারণ করাটাই এই ছবির সবচেয়ে কঠিন অর্জন। এই লক্ষ্য পূরণের জন্য তাঁদের সবাইকে অনেক খাটতে হয়েছে।
নিউইয়র্কে ছবিটির প্রিমিয়ারে প্রযোজক-অভিনেতা ডিজেল স্মরণ করেছেন প্রয়াত অভিনেতা পল ওয়াকারকে। দর্শকদের উদ্দেশে বলেছেন, প্রতিটি দৃশ্যে কাজ করার সময় ওয়াকারকে ভীষণ মনে পড়ছিল।
ওয়াকারের মা ও বোন এ সময় হলঘরেই উপস্থিত ছিলেন। তরুণ এই অভিনয়শিল্পী ২০১৩ সালের ৩০ নভেম্বর ফিউরিয়াস সিরিজের সপ্তম ছবির শুটিং চলাকালে মারা যান।
দ্য ফেইট অব দ্য ফিউরিয়াস মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার ১৪ এপ্রিল।
আশিস আচার্য
রয়টার্স অবলম্বনে