দুর্গাপুরে নির্মলেন্দু গুণের সংবর্ধনা
দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নের জলসিঁড়ি পাঠাগারের উদ্যোগে বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণকে গতকাল বুধবার সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে জলসিঁড়ি প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের উপদেষ্টা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমীন। সংবর্ধিত কবি নির্মলেন্দু গুণ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন আদিবাসী নেতা স্বপন হাজং, ভাস্কর অখিল পাল, সাংবাদিক নির্মলেন্দু সরকার, নিতাই সাহা, দীপক সরকার, কবি লোকান্ত শাওন, সজিম আহম্মেদ, জামাল তালুকদার প্রমুখ।
দুর্গাপুরের সাংবাদিক দীপক সরকার ২০১২ সালের ১৬ ডিসেম্বর বিরিশিরির গাভিনা গ্রামে জলসিঁড়ি পাঠাগার প্রতিষ্ঠা করেন। এই পাঠাগারে গ্রামের সব বয়সের মানুষ প্রতিদিন বই ও পত্রপত্রিকা পড়তে আসেন। পাঠাগারের কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন সময়ে নানা উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায়ই কবি নির্মলেন্দু গুণকে সংবর্ধনা দেওয়া হয়।