
চারদিকে শঙ্খ আর উলুধ্বনি। শারদীয় দুর্গাপূজা। বলিউড বক্স অফিসেও যেন পড়েছে তার ছোঁয়া। সেখানেও তো প্রত্যাবর্তনের হাওয়া। কারণ, লম্বা সময় পর পর্দায় ফিরেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। যেন তিনি দুর্গাপূজার জন্যই অপেক্ষা করেছিলেন। তা-ই হলো। দুর্গার ঐশ্বর্য নিয়েই রুপালি পর্দায় ফিরেছেন ঐশ্বরিয়া। নিয়ে এলেন জাজবা। কিন্তু যতটা তোড়জোড় নিয়ে এর প্রচারণা চলেছে, জাজবা কি ততটা চমক দেখাতে পেরেছে? চলচ্চিত্রবোদ্ধাদের হিসাব যা-ই বলুক না কেন, ঐশ্বরিয়া-ভক্তদের জন্য কিন্তু প্রিয় নায়িকার ফেরা ছিল বড় প্রাপ্তি। বক্স অফিসের আয়? সে তো তাঁদের কাছে সংখ্যামাত্র!
সত্যিই এ যেন বলিউডের ‘দুর্গা’র প্রত্যাবর্তন, জাজবা ছবির পোস্টার প্রকাশের পর থেকেই এমন কানাকানি চলছিল। জাজবা মুক্তি পেয়েছে ৯ অক্টোবর। তখনো সেই কানাকানি থামেনি। বরং পত্রিকার রিভিউগুলো থেকে এটা স্পষ্ট, পোস্টার সত্যিই বলেছে। দুর্গার মতো তেজ নিয়েই নাকি পর্দায় ফিরেছেন ঐশ্বরিয়া। যদিও আয়ের বিচারে বলিউডের ‘খান’, ‘কাপুর’, ‘রোশন’ কিংবা ‘কুমার’দের পেছনে ফেলতে পারেননি, কিন্তু নিজেকে ঠিকই টপকে গেছেন বচ্চন-বধূ। জাজবার আগে ঐশ্বরিয়ার মুক্তি পাওয়া সর্বশেষ ছবিটি গুজারিশ। সঞ্জয় লীলা বানশালির ওই ছবিকে নাকি অনেক দিক থেকে উতরে গেছে জাজবা। প্রাথমিকভাবে এই তুলনামূলক বিচার করা যায় দুটো ছবির প্রথম দিনের আয় দিয়ে। গুজারিশ ছবির প্রথম দিনের আয় ছিল টেনেটুনে চার কোটি রুপি। আর জাজবার আয় প্রথম দিনে শুধু ভারতেই চার কোটি ২৩ লাখ রুপি ছাড়িয়ে গেছে। তা ছাড়া দ্বিতীয় দিনে এসে ভারতের প্রেক্ষাগৃহগুলোতেও দর্শকদের ভিড় বেড়ে গেছে। এসব তথ্য টুইট করে সবাইকে জানিয়েছেন বলিউডের বিশ্লেষক তরণ আদর্শ।

বলিউড চলে নানা হিসাবে। কারও কাছে সংখ্যার দৌড় অনেক জরুরি, কেউ আবার খবরের শিরোনামে থাকাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন, অনেকে আবার বলে ‘ইঁদুর দৌড় আমি মানি না!’ ঐশ্বরিয়া রাই বচ্চন এই সবগুলো ধাপই পেরিয়ে এসেছেন অনেক আগে। বলিউডের ব্যবসার ময়দানে তিনি অনেক পুরোনো আর পাকা খেলোয়াড়। জাজবার প্রচারের সময় ঐশ্বরিয়া মন্তব্য করেন, ‘প্রত্যাবর্তন’, ‘শীর্ষস্থান’, ‘সমসাময়িক অভিনেত্রী’, ‘১০০ কোটির কোটা’—এসব গতানুগতিক বলিউডি ধারা তিনি মানেন না। মা হওয়ার পর আর দশজন কর্মজীবী নারীর মতোই মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন তিনি। ছুটি শেষ, আবার কাজে ফিরেছেন। এখন থেকে সেই পুরোনো ঐশ্বরিয়ার মতো দাপিয়ে কাজ করে যাবেন তিনি।
যেই কথা সেই কাজ। জাজবার প্রচারণা শেষ না হতেই নতুন কাজ শুরু করেছেন। ঐশ্বরিয়ার হাতে এখন তিনটি ছবি। রণবীর কাপুর আর ফাওয়াদ খানের সঙ্গে অ্যায় দিল হ্যায় মুশকিল, মেরি কম ছবির পরিচালক ওমাঙ্গ কুমারের ছবির নাম চূড়ান্ত হয়নি। সরবজিৎ সিংয়ের জীবনী নিয়ে ছবি করছেন ওমাঙ্গ কুমার। আর সুজয় ঘোষের ছবির নাম দুর্গা রানি সিং।
তবে কাজের চাপ বাড়লেও ঐশ্বরিয়া কিন্তু তাঁর প্রতিদিনের দায়িত্ব থেকে ছুটি নেননি। বরং দুর্গার দশরূপের মতো তিনিও নিজের প্রতিটি দায়িত্বকে সামলে এগিয়ে চলছেন। লক্ষ্মী বউয়ের মতো ১১ অক্টোবর পুরো পরিবার নিয়ে পালন করলেন শ্বশুর অমিতাভ বচ্চনের জন্মদিন। এরপর ১২ অক্টোবর উড়াল দিলেন লন্ডনে, করণ জোহরের ছবি অ্যায় দিল হ্যায় মুশকিল-এর শুটিংয়ে অংশ নিতে। কাজের চাপ বেড়েছে ঠিকই, এরপরও আদর্শ মা ঐশ্বরিয়া মেয়ে আরাধ্যকে সঙ্গে রেখেছেন। শুটিংয়ে গেলেন আরাধ্যকে সঙ্গে নিয়ে। আর যাওয়ার আগে আহ্লাদী গিন্নির মতোই নাকি স্বামী অভিষেক বচ্চনকে বলে গেছেন, ১ নভেম্বর নিজের জন্মদিনে অভিষেককে পাশে চাই তাঁর।
ডিএনএ ইন্ডিয়া, এনডি টিভি, বলিউড হাঙ্গামা, টুইটার, ইন্ডিয়া ডটকম অবলম্বনে