দুর্ঘটনার কবলে শুভ

অভিনেতা আরিফিন শুভ গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্টন মোড় এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। মৈত্রী পরিবহনের একটি বাস শুভর গাড়িকে ধাক্কা দেয়। এতে তাঁর গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। গাড়িতে শুভ থাকলেও কোনো আঘাত পাননি।
দুর্ঘটনার পর মৈত্রী পরিবহনের বাস এবং এর চালককে আটক করেছে শাহবাগ থানার পুলিশ।
শাহবাগ থানায় প্রথম আলোর সঙ্গে আলাপে আরিফিন শুভ বলেন, ‘একটি কোর্সের প্রশিক্ষণের ব্যাপারে কথা বলতে সকালে জিমন্যাস্টিক ফেডারেশনে যাই। আলাপ শেষে ফেরার পথেই আমার গাড়িটিকে ধাক্কা দেয় ওই বাসটি। আল্লাহর অশেষ রহমত যে গাড়ির ওপর দিয়েই সব গেছে।’
থানায় আসার পর শুভ জানতে পারেন, যে চালক তাঁর গাড়িকে ধাক্কা দিয়েছে, তাঁর নাকি কোনো ড্রাইভিং লাইসেন্সও নেই। শুভ বলেন, ‘আজ আরও বড় দুর্ঘটনা ঘটলেও এতে অবাক হওয়ার কিছু থাকত না। আমরা দেখেছি, দুর্ঘটনার কারণে অনেক মেধাবী প্রাণই হারিয়ে যাচ্ছে অকালে। আর এমনটা শুনতে চাই না। আমি সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ করব, সঠিক ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তায় কোনো চালক যেন গাড়ি নিয়ে নামতে না পারে, সে ব্যাপারে যেন কর্তৃপক্ষ আরও কঠোর হয়।’
আরিফিন শুভ সম্প্রতি শেষ করেছেন মুসাফির ছবির কাজ। এই মুহূর্তে শুটিং করছেন সোহানুর রহমান সোহানের নতুন ছবির। শিগগিরই শুরু করবেন সোহেল আরমানের ভ্রমর ছবির শুটিং।