দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন আরেফিন শুভ

ঢাকাই চলচ্চিত্রের নায়ক আরেফিন শুভ আজ রাজধানীর পল্টন মোড় এলাকায় এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। মৈত্রী পরিবহনের ঢাকা মেট্রো-ব ১১-১৭৩৫ নম্বরের বাসটি শুভর জি করোলা গাড়িটিকে ধাক্কা দেয়। এতে তাঁর গাড়ির সামনের অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন শুভ। দুর্ঘটনায় শুভর গাড়িটি দুমড়ে গেলেও অক্ষতই আছেন শুভ।
দুর্ঘটনার পর মৈত্র পরিবহনের ঢাকা মেট্রো-ব ১১-১৭৩৫ বাস এবং এর চালককে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানায় প্রথম আলোর সঙ্গে আলাপে আরেফিন শুভ বলেন, ‘একটি কোর্সের প্রশিক্ষণের ব্যাপারে কথা বলতে সকালে জিমন্যাস্টিক ফেডারেশন যাই। আলাপ শেষে ফেরার পথেই আমার গাড়িটিকে ধাক্কা দেয় বাসটি। আল্লাহর অশেষ রহমত যে, গাড়ির ওপর দিয়েই সব গেছে।’
শুভ এও বলেন, ‘থানায় আসার পর একপর্যায়ে জানতে পারি, যে ড্রাইভার আমার গাড়িটিকে চাপা দিয়েছে তার নাকি কোনো ড্রাইভিং লাইসেন্সই নেই! আরও বড় দুর্ঘটনাও ঘটলে এতে অবাক হওয়ার কিছু থাকত না। আমি সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ করব, সঠিক ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তায় কোনো গাড়ি যেন নামতে না পারে সে ব্যাপারটি কর্তৃপক্ষের নিশ্চিত করা। আমরা দেখেছি, দুর্ঘটনার কারণেই অনেক মেধাবী প্রাণকে জীবন দিতে হয়েছে। আর এমনটা শুনতে চাই না।’
আরেফিন শুভ সম্প্রতি শেষ করেছেন ‘মুসাফির’ ছবির কাজ। এই মুহূর্তে শুটিং করছেন সোহানুর রহমান সোহানের নতুন আরেকটি ছবিরও। সামনে কাজ শুরু করবেন সোহেল আরমানের ‘ভ্রমর’ ছবির কাজ।