দুর্ঘটনায় আহত ‘রৌশনী’খ্যাত মৌসুমী
কলকাতায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘রৌশনী’র প্রধান চরিত্রের অভিনয়শিল্পী মৌসুমী হামিদ। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে তিনি তাঁর দুর্ঘটনার খবরটি জানিয়েছেন।জানা গেছে, কলকাতায় রৌশনীর শুটিং শেষে আজ শুক্রবার ঢাকায় ফেরার কথা ছিল মৌসুমীর। ফেরার পথে সকাল সাড়ে পাঁচটার দিকে গড়িয়াহাট এলাকায় মালবোঝাই লরির সঙ্গে তাঁকে বহনকারী গাড়িটির ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন মৌসুমী। তাঁর বাম হাত ও মুখে আঘাত লেগেছে।দুর্ঘটনার পর মৌসুমীকে কলকাতার গড়িয়াহাট এলাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে তাঁর চিকিত্সা চলছে।মৌসুমী হামিদের দুর্ঘটনা প্রসঙ্গে রৌশনী ধারাবাহিকের পরিচালক হরনাথ চক্রবর্তী কলকাতা থেকে মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, শুটিং শেষে আজ সকাল সাতটার ফ্লাইটে বাংলাদেশে যাওয়ার জন্য কলকাতার নেতাজী সুভাষ বোস আন্তর্জাতিক বিমাবন্দরে যাচ্ছিলেন মৌসুমী। তাঁর সঙ্গে কলকাতার তিনজন ছিলেন। দুর্ঘটনায় গাড়ির কাচ ভেঙে মৌসুমীর মুখ বেশ ক্ষতিগ্রস্ত হয়। চিকিত্সকের মাধ্যমে জানতে পেরেছি, বাম হাতের কনুইও ভেঙে গেছে। গাড়িতে মৌসুমীর সঙ্গে থাকা তিনজনও আহত হয়েছেন। তিনি আরও জানান, দুর্ঘটনার পর গড়িয়াহাট এলাকার কাছে রোগী নার্সিং হোমে মৌসুমীকে চিকিত্সা দেওয়া হয়েছে। তাঁর হাতে ও মুখে অস্ত্রোপচার করা হয়েছে। চিকিত্সকেরা জানিয়েছেন, আশঙ্কা কেটে গেছে। আগামী সোমবার পর্যন্ত তাঁকে হাসপাতালে থাকতে হবে।২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মধ্য দিয়ে মিডিয়ায় আসেন মৌসুমী হামিদ। এরপর একাধারে মডেলিং, নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।