দুর্ঘটনায় আহতদের পাশে আরেফিন শুভ


সড়ক দুর্ঘটনায় আহতদের কীভাবে দ্রুত প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া যায় সে বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে ক্রিটিকা লিংক নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হলেন ঢাকাই ছবির আলোচিত নায়ক আরেফিন শুভ। এখন থেকে এই প্রতিষ্ঠানের হয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের নেওয়ার ক্ষেত্রে উৎসাহ দেবেন বলে প্রথম আলোকে জানান শুভ।
স্বেচ্ছাসেবী সংগঠন ক্রিটিকা লিংক গত এক বছর ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। রাজধানী ঢাকা শহরের সাতটি থানায় প্রাথমিকভাবে কাজ করছে সংগঠনটি। এ ছাড়াও এই সংগঠনের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
স্বেচ্ছাসেবকেরা কত দ্রুততার সঙ্গে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসেবা দেবে সেই প্রশিক্ষণ দিয়ে থাকে ক্রিটিকা লিংক।
প্রথম আলোকে শুভ বললেন, ‘আমি শুধু একজন নায়কই নই, সমাজে আমার পরিচয়, আমি মানুষ। সে হিসেবে সমাজের মানুষের প্রতি আমার কিছু দায়িত্ব আর কর্তব্যও আছে। দেশের বাইরের অভিনয়শিল্পীরা অভিনয়ের বাইরে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। আমিও চাই সমাজের মানুষের পাশে থাকতে। সেই দায়িত্ববোধের জায়গা থেকে এই ধরনের একটি উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়া।’
ক্রিটিকা লিংকের প্রোগ্রাম পরিচালক রাহাত হোসেন বলেন, ‘আমাদের সংগঠনটি তরুণ প্রজন্ম নিয়ে কাজ করে। আরেফিন শুভ তরুণ প্রজন্মের কাছে খুব জনপ্রিয় একটি নাম। প্রশিক্ষণের সময় তরুণ স্বেচ্ছাসেবীরা শুভকে কাছে পেয়ে খুব খুশি হয়েছে।’
রাহাত হোসেন এও বলেন, ‘আরেফিন শুভর সঙ্গে বেশ কিছুদিন আগে আমাদের কথাবার্তা হচ্ছিল। তখন কথা প্রসঙ্গে তিনি বলেন, সমাজের মানুষের জন্যও তিনি কিছু করতে চান। তাঁর চাওয়া আর আমাদের আগ্রহ এক হওয়াতে একসঙ্গে কাজটা শুরু করলাম।’

আরেফিন শুভ সম্প্রতি নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন তিশা। সম্প্রতি কাজ শেষ করেছেন আশিকুর রহমানের ‘মুসাফির’ ছবির কাজ। খুব শিগগিরই সোহেল আরমানের ‘ভ্রমর’ সিনেমার শুটিং শুরু করবেন।