দুর্ঘটনায় কাবু ছোট বচ্চন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনা কাবু করে বসেছে বচ্চন পরিবারকে। একের পর এক দুর্ঘটনায় কাহিল হয়ে পড়েছেন বাপ-বেটা। এই তো কদিন আগে জয়পুরে বোল বচ্চন ছবির শুটিং করতে গিয়ে আহত হন অভিষেক বচ্চন। ডান চোখের ওপরে ছয়-ছয়টি সেলাই দিতে হয়েছে। সেপ্টেম্বর মাসের শুরুর দিকের সেই দুর্ঘটনার ক্ষত মেলাতে না মেলাতেই একই ছবির শুটিংয়ে বাঁ হাতের একটি আঙুলে আঘাত পেয়েছেন। চিকিৎসকেরা বলেছেন, ভয়ের কিছু নেই। আঙুলের হাড় ফেটে গেছে। ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। কদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। অভিষেক আঘাতটা কীভাবে পেলেন? তা জানা গেল অমিতাভের টুইট থেকে। অমিতাভ লিখেছেন, জয়পুরে বোল বচ্চন ছবির শুটিং শেষে অভিষেক হোটেল কামরায় ফিরছিলেন। এ সময় ছবির কলাকুশলীরা মেতেছিলেন ক্রিকেট খেলায়। হঠাৎ বলটি ছুটে আসে অভিষেকের দিকে। মুখটা রক্ষা করতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পান অভিষেক। এদিকে ডিপার্টমেন্ট ছবির শুটিংয়ে মারপিটের একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে পাঁজরের হাড়ে ব্যথা পেয়েছেন অমিতাভ। হাড়ে ফাটল দেখা দিয়েছে। সপ্তাহ কয়েক বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। আইএএনএস।