দুর্নীতি ও পরিবেশ দূষণ নিয়ে কার্টুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্তচক্ষু এক মানুষ বিশাল হাঁ করে আছে। মুখের ভেতরে চলে গেছে আস্ত এক নদী। জাতীয় ফুল শাপলা থেকে শুরু করে মাছ, নৌকা, বক—সবই আছে সেখানে। দর্শকের বুঝতে বাকি থাকে না, কার্টুনটিতে সোজাসাপটাভাবে নদী দখলের কথা বলা হয়েছে।ধানমন্ডির ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজে শনিবার শুরু হয়েছে মো. আবু সেলিমের আঁকা কার্টুনের প্রদর্শনী। ‘মাই বিলাভেড মাদারল্যান্ড’ শীর্ষক কার্টুন প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসু্জ্জামান খান ও অধ্যাপক মুজাফফর আহমদ। মোট ২২টি কার্টুন স্থান পেয়েছে প্রদর্শনীতে। সাম্প্রতিক আলোচিত বিষয় নদী দখল, পরিবেশবিপর্যয় থেকে শুরু করে দূর্নীতি, অসুস্থ রাজনীতিকে খোঁচা মারা হয়েছে ব্যঙ্গচিত্রগুলোতে। এটি মো. আবু সেলিমের প্রথম একক কার্টুন প্রদর্শনী। ১৫ দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।গতকাল শিল্পী নিজেও ছিলেন প্রদর্শনীতে। সাংবাদিকদের তিনি জানালেন, গত এক বছরের কাজগুলোই স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। জামাল আহমেদের ‘মধ্যরাতের স্বপ্ন’ছবির বিষয়বস্তু অতিচেনা সাধারণ দৃশ্য। দিগন্তবিস্তৃত মাঠ, আকাশ বা নদীতীরে নারী। আসলে প্রকৃতি নিয়েই শিল্পী জামাল আহমেদের যত ধ্যান। বিষয় তাঁর ক্যানভাসে মুখ্য নয়, তিনি খেলা করেন বিষয়ের অন্তর নিয়ে। আর সেখানে মানুষের অবয়ব প্রাধান্য পায় প্রায়ই। অনেক শিল্পীর মতোই জামাল আহমেদের কাজের অন্যতম প্রধান প্রেরণা নারী।ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টার গ্যালারিতে গতকাল থেকে শুরু হয়েছে জামাল আহমেদের একক চিত্র প্রদর্শনী। শিরোনাম ‘মধ্যরাতের স্বপ্ন’। প্রদর্শনীতে শিল্পীর সাম্প্রতিক সময়ে আঁকা ড্রয়িং, অ্যাক্রিলিক ও জলরং মাধ্যমের ৫০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। জামাল আহমেদ শুধু নদী নয়, এঁকেছেন পায়রা, নদীরতীরে কলসি কাঁখে নারী, নৌকা টেনে নেওয়া বালক ও স্নানরতার ছবি। গতকাল দুপুরে শুরু হওয়া প্রদর্শনীর উদ্বোধনে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা ছিল না। এ সময় শিল্পী ছাড়াও উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ঢাকা আর্ট সেন্টারের পরিচালক ইসরাত আখন্দ প্রমুখ। ‘মধ্যরাতের স্বপ্ন’ জামাল আহমেদের ৪০তম একক প্রদর্শনী। চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত।