দুর্নীতিবিরোধী কার্টুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলের জামা গায়ে টেবিলের সামনে বসে আছে এক বালক। টেবিলের এক পাশে কম্পিউটার, অন্য পাশে মোবাইল আর দুধের গ্লাস। সামনে প্রশ্নপত্র। পরিবেশটা বলে দিচ্ছে পরীক্ষার আগে ফাঁস হওয়া প্রশ্নপত্র তার হাতে এসেছে। সে উৎফুল্ল। রীতিমতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে প্রশ্নের দিকে। ইতিমধ্যে মাথার সব মগজ সরে গিয়ে তারই পড়ার টেবিলে অবস্থান নিয়েছে। কারণ, তার কাজ নেই। মাথার যেখানটায় মগজ ছিল, সেখানে উড়ে এসে জুড়ে বসেছে কালোটাকা। ছবিটি প্রতীকী। কার্টুন। এই একটি কার্টুন দিয়ে বোঝা যায়, প্রশ্নপত্র ফাঁস হয়ে কী বিরূপ প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ওপর।
গতকাল ছিল আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। এ উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’ প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কার্যক্রম পালন করেছে। দিবসটি উদ্যাপনের অংশ হিসেবে ধানমন্ডির দৃক গ্যালারিতে ‘দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা পুরস্কার ২০১৪’ ঘোষণা ও প্রদান এবং কার্টুন প্রদর্শনীর আয়োজন করেছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল ও ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যানে ফুগল এসকেয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল। স্বাগত বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা ২০১৪-এর বিজয়ী ও বিশেষ মনোনয়নপ্রাপ্ত কার্টুনিস্টদের পুরস্কার ও সনদ দেওয়া হয়। এবারের প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে (১৩-১৮ বছর) প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে এস এম আসিফ বিন গাফ্ফার ও মাহামুদুল হাসান ইমন। ‘খ’ বিভাগে (১৯-৩৫ বছর) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে মো. ফরিদুর রহমান রাজীব, আরাফাত করিম, মেহেদি হক। এ ছাড়া দুটি বিভাগ থেকে মোট ৩৫টি কার্টুনকে বিশেষ মনোনয়ন দেওয়া হয়। প্রতিযোগিতায় ৫৩ জন মেয়ে এবং ৯৫ জন ছেলে মিলে ৩২১টি কার্টুন জমা দিয়েছিল। সেখান থেকে প্রতিযোগিতায় দুটি বিভাগের বিজয়ী ও বিশেষভাবে মনোনীত ৫৯টি কার্টুন নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গতকাল শুরু হওয়া এ প্রদর্শনী ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।