দুর্নীতিবিরোধী নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রসরোবরে গতকাল দুর্নীতিবিরোধী নাট্যোত্সবে পরিবেশিত একটি নাটকের দৃশ্য  ছবি: প্রথম আলো
রবীন্দ্রসরোবরে গতকাল দুর্নীতিবিরোধী নাট্যোত্সবে পরিবেশিত একটি নাটকের দৃশ্য ছবি: প্রথম আলো

সাদা-কালো পোশাকে প্রতিবাদের ভাষায় নাটক উপস্থাপন। সবগুলো নাটকের মূল কথা—বন্ধ হোক রাজনৈতিক সহিংসতা। গতকাল বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত দুর্নীতিবিরোধী নাট্যোৎসবে ছিল এই আহ্বান।
বিশ্ব নাট্য দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ‘আমার সংস্কৃতি আমার সত্তা, চাই সুশাসন চাই স্বচ্ছতা’ স্লোগানে দুর্নীতিবিরোধী নাট্যোৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির বক্তব্যে নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান বলেন, ‘নাটক আমাদের সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার। তাই আমরা যত বেশি এই সংস্কৃতির চর্চা করব, তত বেশি সমৃদ্ধ হব। সমৃদ্ধ হবে আমাদের দেশ, জাতি ও সমাজ।’
সন্ধ্যায় নাট্যোৎসবে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানে নাট্যকর্মীরা মোমবাতি প্রজ্বালন করেন। এ সময় নির্যাতনের শিকার নারীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তাঁরা। নাট্যকর্মীরা নারীর প্রতি সহিংসতা রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁদের নাটকের মধ্য দিয়ে। অনুষ্ঠানে চারটি নাটক পরিবেশিত হয়।
নাট্যোৎসবের শুরুতে ঢাকা ইয়েস নাট্য দলের পরিবেশনায় মঞ্চায়িত হয় নাটক জবানবন্দি। এরপর ছিল কুড়িগ্রাম সনাক গণনাট্য দলের আলোর পথে ও রাঙামাটি সনাক গণনাট্য দলের পরিবর্তন। অনুষ্ঠানে দর্শকপ্রিয়তা পায় সুবচন নাট্য সংসদের মহাজনের নাও।
সব শেষে ব্রাক্ষণবাড়িয়ার রয়েলবীণা পুতুলনাচ পরিবেশনায় ঐতিহ্যবাহী ‘পুতুল নাচ’ প্রদর্শিত হয়।
বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী গতকাল শুরু হয়েছে।
সপ্তাহব্যাপী প্রদর্শনীটি আগামী ২ এপ্রিল পর্যন্ত চলবে।
চারুকলার জয়নুল গ্যালারিতে আয়োজিত এ প্রদর্শনীতে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের ৩৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে। কাঠ, প্লাস্টার, মাটি, প্লাস্টিক ও মিশ্র মাধ্যম দিয়ে এসব সৃষ্টি করেছেন তাঁরা। ২০১৩ সালের পুরস্কৃত সেরা পাঁচটি শিল্পকর্মও স্থান পেয়েছে এখানে।
প্রদর্শনীর উদ্বোধন করেন ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ। ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক লালা রুখ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী বিশেষ অতিথি ছিলেন।