দুর্নীতিবিরোধী পথনাট্যোৎসব
মিনার সাজানো হয়েছে নানা রঙের আলপনা আঁকা কাপড়ে। ছোট ছোট হলুদ প্ল্যাকার্ডে লেখা—‘দুর্নীতি থামাতে হবে...এখনি’। মিনারের পেছনে নাট্যদলের মহড়া চলছে। সামনের বেদিতে শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকেরা। গতকাল রোববার বিশ্ব নাট্য দিবসে আয়োজিত দুর্নীতিবিরোধী নাট্যোৎসব উপলক্ষে এভাবেই সাজানো হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। বিকেলে টিআইবি আয়োজিত দুই দিনব্যাপী এ নাট্যোৎসব বেলুন উড়িয়ে উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। সভাপতিত্ব করেন পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা। এ ছাড়াও উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।উদ্বোধনী পর্ব শেষে প্রদর্শিত হয় তিনটি দুর্নীতিবিরোধী পথনাটক। ফরিদপুরের গণনাট্য দল তাদের নাটকে স্বাস্থ্য বিভাগের দুর্নীতি তুলে ধরে। নাটকের নাম জাগো জনতা জাগো। আদালত ও চাকরি প্রাপ্তিবিষয়ক দুর্নীতি তুলে ধরা হয় নাটক জোঁক-এ। এটি পরিবেশন করে বাংলাদেশ মানবাধিকার নাট্যপরিষদ। নাগরিক অধিকার-সম্পর্কিত জনসচেতনতামূলক নাটক পরিবেশন করে ঢাকা ইয়েস নাট্যদল। নাটকের নাম সঙ এর বিধান।