দুর্নীতির বিরুদ্ধে স্বাধীন বাংলা বেতারের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডির রবীন্দ্রসরোবরে টিআইবি আয়োজিত দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করছেন রথীন্দ্রনাথ রায় l ছবি: প্রথম আলো
ধানমন্ডির রবীন্দ্রসরোবরে টিআইবি আয়োজিত দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করছেন রথীন্দ্রনাথ রায় l ছবি: প্রথম আলো

তরুণ দর্শকে টইটম্বুর সন্ধ্যার রবীন্দ্রসরোবর চত্বর। তৃতীয় গান ‘আমার ছেলে খুন হয়েছে’ শেষ করার পর শিল্পী সায়ান বললেন, ‘সময় শেষ, আরেকটি গানের জন্য সময় নেওয়া দুর্নীতি হয়ে যাবে।’ দর্শকদের অনুরোধে তবু তিনি শুরু করেন তাঁর চতুর্থ গান।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১৫ উপলক্ষে নানা কর্মকাণ্ডের অংশ হিসেবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল মঙ্গলবার ধানমন্ডির রবীন্দ্রসরোবরে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও গান করেন শিল্পী রথীন্দ্রনাথ রায় ও বাপ্পা মজুমদার। বিকেলে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। টিআইবির অনুপ্রেরণায় ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত ১৪টি ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) দলের সদস্যরা নেচে, গেয়ে এবং আবৃত্তি করে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের পরিচালক রিজওয়ানউল আলম। বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ছিল দুর্নীতিমুক্ত ও সুশাসিত বাংলাদেশ।
ইফতেখারুজ্জামান আরও বলেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমাদের অর্জন অনেক, দুর্নীতি না থাকলে যা আরও অনেক বেশি হতে পারত। এসব অর্জনের দাবিদার এ দেশের জনগণ আর এসব অর্জনে নেতৃত্ব দিয়েছে তরুণেরা। আমরা বিশ্বাস করি, দুর্নীতিবিরোধী আন্দোলনকেও সফল করতে পারে তরুণেরা।’
রথীন্দ্রনাথ রায় স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের গান ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’, ‘আমার দেশ সব মানুষের’, ‘মাগো আমার মা জননী’, ‘পরাণের বন্ধু রে’ গানগুলো গেয়ে শোনান। বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানের পাশাপাশি ‘দিন বাড়ি যায়’, ‘গাড়ি চলে না’সহ বেশ কয়েকটি গান করে।