দুর্বৃত্তদের হামলার শিকার ড. ইনামুল হক ও ফুয়াদ

দুর্বৃত্তদের হামলার শিকার হলেন অভিনয়শিল্পী ড. ইনামুল হক ও সংগীতশিল্পী পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। গতকাল রোববার সন্ধ্যায় গাজীপুরে থেকে নাটকের শুটিং শেষে ঢাকায় ফেরার পথে মৌচাক এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন অভিনেতা ইনামুল হক। অন্যদিকে একই দিন দুপুরে স্ত্রী মায়া আল মুক্তাদিরকে নিয়ে কেনাকাটা করতে যাওয়ার পথে গুলশান এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ফুয়াদ। এতে ফুয়াদের গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়ির কাচের টুকরা গায়ে লেগে আঘাতপ্রাপ্ত হন ফুয়াদের স্ত্রী মায়া।
আজ সোমবার প্রথম আলোকে ইনামুল হক বলেন, ‘পুবাইলে চ্যানেল আইয়ের জন্য নির্মিতব্য নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিং করছিলাম। শুটিং ইউনিটের গাড়িতে করে সন্ধ্যায় ঢাকায় ফেরার পথে গাজীপুরে হঠাৎ দুর্বৃত্তরা আমাদের গাড়ির ওপর হামলা চালায়। গাছের গুঁড়ি দিয়ে তারা গাড়ির কাচ ভাঙচুর করে। এতে গাড়ির কাচ ভেঙে আমার ডান হাতের কনুই কেটে গেছে। তবে আঘাত তেমন গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছে। স্বাধীন দেশে পথ চলতে গিয়ে যেভাবে আতঙ্কিত হয়েছি তা বলে বোঝানো মুশকিল।’

ফুয়াদ আল মুক্তাদির বলেন, ‘ইটটা অল্পের জন্য মায়ার মাথায় লাগেনি। গাড়ির কাচের টুকরো ছড়িয়ে পড়েছিল।’ ফুয়াদ আক্ষেপ করে এও বলেন, ‘বাংলাদেশের সংগীতাঙ্গনকে ভালোবেসে আট বছর আগে কাজ করতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসি। সব ধরনের সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও সেখানে স্থায়ী হতে চাইনি। যদিও পরিবার থেকে আমাকে আগেই এসব সংঘাতপূর্ণ পরিস্থিতির ব্যাপারে সতর্ক করা হয়। স্বাধীন দেশে এ ধরনের ঘটনায় আমরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছি।’