দুর্ভিক্ষপীড়িত মানুষের বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি ছিলেন গত শতাব্দীর ৭০ দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী। ষাটের দশকেই তাঁর উত্থান, তবে সত্তরেই মন ছুঁয়েছিলেন অগণিত শ্রোতার। জ্যামাইকান র‌্যাগে সংগীতকে বিশ্বের দরবারে জনপ্রিয় করে তুলেছিলেন তিনি। বলা হচ্ছে বব মার্লের কথা। ৮১ সালের ১১ মে তিনি মারা যান। বব মার্লে নামটি শুনলেই মনে পড়ে যায় তাঁর সেই অবিস্মরণীয় ‘নো উয়োম্যান, নো ক্রাই’, গেট আপ স্ট্যান্ডআপ’ কিংবা ‘বাফেলো সোলজার’ গানগুলোর কথা। এই শিল্পীর গানই এখন পূর্ব আফ্রিকার দুর্ভিক্ষপীড়িত মানুষদের বাঁচার অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। তাঁরই গান সচেতনতা বাড়াচ্ছে বিশ্ব্ববাসীর মাঝে।১৯৭০ সালে বব মার্লে এবং দ্য ওয়েইর্লাসের গাওয়া ‘হাইড টাইড অর লো টাইড’ গানটির নতুন ভিডিও ছাড়া হয়েছে সম্প্রতি। সিমন ফুলার এবং আইল্যান্ড রেকর্ডসের প্রতিষ্ঠাতা ক্রিস ব্যাল্কওয়েল দুর্ভিক্ষপীড়িত আফ্রিকার লাখ লাখ মানুষকে বাঁচাতেই এই গানের শরণাপন্ন হয়েছেন। ভিডিওটি সম্পাদনা করেছেন কেভিন ম্যাকডোনাল্ড। তিনিই পরিচালনা করছেন মার্লের ওপর করা প্রামাণ্যচিত্রের। ভিডিওটিতে ফুটিয়ে তোলা হয়েছে দুর্ভিক্ষপীড়িত মানুষদের দুর্দশা, যা বেদনার্ত করে তুলবে যেকোনো মানুষের হূদয়কে। সন্তানের কষ্ট দেখে মায়ের নির্বাক হয়ে যাওয়া মুখাবয়ব, কুয়া থেকে পানির বদলে উঠে আসা মাটি, সারি সারি কবরের মর্মভেদী দৃশ্য ধারণ করা হয়েছে ভিডিওটিতে। যে শিশুটি জন্মগ্রহণ করেছে তার দরকার নিরাপত্তা—এ কথাটিই উঠে এসেছে গানের ভাষায়। মার্লে মানুষের নিঃস্বার্থ ভালোবাসা এবং বন্ধুত্ব চেয়েছেন। কথা দিয়েছেন সব সময় তিনি থাকবেন বন্ধু হয়ে পাশে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নিজের অঙ্গীকার থেকে সরে দাঁড়াননি। এ ভিডিও থেকে অর্জিত লাভের সব টাকা ইউনিভার্সাল মিউজিক গ্লোবাল দান করবে বলে জানিয়েছে। সেভ দ্য চিলড্রেনের সঙ্গে এই আয়োজনে যৌথভাবে আছেন মার্লে পরিবার, ফুলার ও ব্যাল্কওয়েল।