দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে প্রামাণ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় সিডরের তুলনায় আইলার ক্ষতির পরিমাণ ছিল কম। কীভাবে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হয়েছিল? এ ব্যাপারে দুর্গত এলাকার লোকজন এবং স্থানীয় প্রশাসনের ভূমিকা কী ছিল? পরবর্তী সময়ে লোকজন কী উপায়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে?—এ রকম নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেত প্রামাণ্যচিত্রে। এটি তৈরি করেছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের ১৯ জন শিক্ষার্থী। এই দলের অন্যতম সদস্য আবদুল্লাহ হাসান জানান, তাঁরা প্রামাণ্যচিত্রটির কাজ করেছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ ও বরগুনার পাথরঘাটায়। এই দুই এলাকায় দৃশ্য সংগ্রহ করেছেন নয় দিন। শনিবার জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হলো ১০ নম্বর মহাবিপদ সংকেত প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোখলেসুর রহমান, ইউরোপীয় ইউনিয়নের দূত স্টিফেন ফ্রোইন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক জাকির হোসেন, ইউল্যাবের উপাচার্য রফিকুল ইসলাম এবং কনসার্ন ইউনিভার্সেল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন বোনডুয়েল।