
মুর্তজা বশীর হঠাৎ শামসুর রাহমানের দিকে তাকিয়ে বললেন, ‘গৌতম, একটা কাগজ দে তো!’ কাগজ আসার পর বশীর আঁকতে শুরু করলেন রাহমানের স্কেচ। কলম দিয়ে পরপর কয়েকটি।
১৯৯২ সালের ২৮ সেপ্টেম্বর। কিছুদিন পর শুরু হবে শিল্পী গৌতম চক্রবর্তীর প্রথম একক চিত্র প্রদর্শনী। তাঁর আমন্ত্রণে অনেকে বাসায় এসে দেখে যাচ্ছেন ছবি। ভূতের গলির বাসায় সেদিন এসেছেন শিল্পী মুর্তজা বশীর ও কবি শামসুর রাহমান। গৌতমের বাবা শিল্পী দেবদাস চক্রবর্তীর অনেক দিনের পুরোনো বন্ধু তাঁরা।
ছবি দেখার ফাঁকে গল্প হচ্ছে অনেক। তখনই শামসুর রাহমানের কয়েকটি স্কেচ আঁকলেন মুর্তজা বশীর। সেই স্কেচগুলোতে স্বাক্ষর করে গৌতমকে বললেন, ‘শামসুর রাহমানের সিগনেচারটাও নে।’
দুজনের স্বাক্ষরিত সেই স্কেচগুলোর একটি প্রদর্শিত হবে উত্তরার গ্যালারি কায়ায়, ১১ বছর পূর্তি উপলক্ষে কায়া আয়োজিত প্রদর্শনীতে। এই প্রদর্শনীতে একসঙ্গে দেখা যাবে জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতানের মতো শিল্পীদের ছবি!
আরও আছে আমিনুল ইসলাম, কাইয়ুম চৌধুরী, রশিদ চৌধুরী, দেবদাস চক্রবর্তী, নিতুন কুন্ডু, সমরজিৎ রায়চৌধুরী, হাশেম খান, মনিরুল ইসলাম, রফিকুন নবী, হামিদুজ্জামান খান, কালিদাস কর্মকার, শাহাবুদ্দিন আহমেদ, চন্দ্র শেখর দে, দীপা হক, তরুণ ঘোষ, রতন মজুমদার, শম্ভু আচার্য্য, রণজিৎ দাশ ও শিশির ভট্টাচার্য্যের আঁকা ছবি।
২৩ আধুনিক শিল্পীর ৪৪টি চিত্রকর্ম। কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী জানালেন, ১৯৭৩ থেকে ২০১৩-এর মধ্যে আঁকা এ ছবিগুলো। এসেছে তাঁর, গ্যালারি কায়ার ও অন্যান্য ব্যক্তিগত সংগ্রহ থেকে। কয়েক জন শিল্পীর নানা সময়ের কাজ পাওয়া যাবে এ প্রদর্শনীতে। আছে কিছু দুর্লভ কাজও।
অনেক ছবি এসেছে কায়া আয়োজিত আর্ট ক্যাম্পগুলো থেকে। তার মধ্যে একটি, ২০০৬ সালে আয়োজিত যমুনা আর্ট ক্যাম্প। সেসব দিনের ভিডিও দেখাচ্ছিলেন গৌতম চক্রবর্তী। গাজীর পট-আঁকিয়ে শম্ভু আচার্য্য আগুন জ্বালিয়ে ইটের গুঁড়া, আঠা দিয়ে যে রং তৈরি করছিলেন, সে রং দিয়েই মুর্তজা বশীর, হামিদুজ্জামান খান, কালিদাস কর্মকারেরা ছবি আঁকলেন। এঁকেছিলেন আমিনুল ইসলাম, কাইয়ুম চৌধুরীও।
আগামীকাল শুক্রবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। বিশেষ অতিথি অর্থনীতিবিদ বিনায়ক সেন।
প্রদর্শনীটি চলবে ২৬ জুন, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত।