দুর্লভ সানাইয়ের সঙ্গী মূর্তজা কবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মূর্তজা কবির, ছবি: সুমন ইউসুফ
মূর্তজা কবির, ছবি: সুমন ইউসুফ

বিয়ে মানেই সানাইয়ের সুর। কিন্তু এ দেশে সানাইশিল্পী পাওয়া দুর্লভ বলেই যেকোনো বিয়ের অনুষ্ঠানে অডিও রেকর্ডার থেকেই ভেসে আসে বিশ্বখ্যাত বিসমিল্লাহ খাঁর বাজানো সানাইয়ের সেই সুর। সেই বিসমিল্লাহ খার সানাইয়ের প্রেমে পড়ে গিয়েছিলেন মূর্তজা কবির; এই মুহূর্তে দেশের একমাত্র সানাইশিল্পী। অডিও রেকর্ডার নয়, সরাসরি কোনো বিয়ের অনুষ্ঠানে যাঁরা শুনতে চান সানাইয়ের সুর, তাঁরা খুঁজে নেন এই শিল্পীকে। তবে শুধু সানাই নয়, তবলা ও বাঁশিতেও সমান দক্ষ এই শিল্পী।
বাবা হোমিও চিকিৎসক। মা ঘর-গেরস্ততে ব্যস্ত থাকলেও বাড়িতে মূর্তজা কবিরের দুই বোন গান করতেন। তাঁদের সঙ্গে সংগত করার জন্য তবলায় মাঝেমধ্যে বোল তোলার চেষ্টা করতেন তিনি। সেটা চোখে পড়ে যায় তাঁর মায়ের। বললেন, ‘মা যখন দেখলেন আমি তবলা বাজানোর চেষ্টা করছি, তখন একদিন আমাকে জোর করে নিয়ে গেলেন তবলার স্কুলে। ভর্তি করিয়ে দিলেন। টানা আট বছর তবলা শিখি আমি। আমার ওস্তাদ ছিলেন খন্দকার খায়রুল আনাম।’
বুলবুল ললিতকলা একাডেমিতে ১৯৯২ থেকে ২০১০ সাল পর্যন্ত তবলার সহকারী শিক্ষক হিসেবে কাজ করেছেন। তবে মূর্তজা কবির শুধু তবলায় থেমে থাকেননি; ১৯৮৭ সাল থেকে বাঁশিটাও তুলে নেন হাতে। ওস্তাদ আলাউদ্দিন আলীর কাছে বাঁশির তালিম নেন। ২০১২ সালে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে তাঁর মনোমুগ্ধকর বাঁশির পরিবেশনা শুনেছেন দর্শক।
তাহলে বাঁশি ও তবলা ছাপিয়ে সানাইশিল্পী হওয়ার স্বপ্নটা কীভাবে, কখন মনে বাসা বাঁধল। ‘আসলে সানাইয়ের সুরটা বরাবরই আমার কাছে অন্য রকম লাগে। একটা হৃদয়ছোঁয়া ব্যাপার রয়েছে। তাই সানাই হাতে তুলে নিই ১৯৯০ সালের দিকে। ভীষণভাবে শেখার আগ্রহটা আমাকে টানতে থাকে। তখন এ দেশে একমাত্র সানাইশিল্পী ছিলেন শামসুর রহমান। তাঁর কাছে চলে যাই। তিনিই আমার শিক্ষাগুরু।’ বললেন মূর্তজা কবির। ‘সানাই বাজানোটা কষ্টকর। তবু আগ্রহ হারিয়ে ফেলিনি। অনেক পরিশ্রম করে মোটামুটি একটা পর্যায়ে গিয়েছি বলেই এখন মানুষ আমার সানাই শুনতে চান।’
আগে এ দেশে শুধু শামসুর রহমানই সানাই বাজাতেন। এখন একমাত্র ভরসা মূর্তজা কবির। সানাই শুনতে হলে খুঁজে নিতে হবে তাঁকেই।
নতুন প্রজন্মের কাছে সানাই তুলে দেওয়ার ইচ্ছে মূর্তজা কবিরের। বললেন, ‘আমি চাই নতুন প্রজন্মের যারা সানাইয়ের ব্যাপারে আগ্রহী, তাদের শিখিয়ে যেতে। অনেকেই আসে। কিন্তু কিছুদিন পর আগ্রহ হারিয়ে ফেলে। কারণ সানাই বাজানোর জন্য প্রচুর দম এবং ধৈর্যের প্রয়োজন। কিন্তু আমি মনে করি, পরিশ্রম করলে একদিন সাফল্য ধরা দেবেই।’
মূর্তজা কবিরের সানাইয়ের ছাত্র না থাকলেও বাঁশির ছাত্র রয়েছে অনেক। নিয়মিত তিনি বাঁশি শেখাচ্ছেন। সানাই ও বাঁশিতে রেডিও এবং টেলিভিশনের তালিকাভুক্ত এই শিল্পী দেশে এবং দেশের বাইরেও বাজিয়েছেন। ইচ্ছে আছে সানাইয়ের একক সন্ধ্যা করার। তবে সেই শ্রোতা এবং পরিবেশ খুঁজে পাওয়া এ দেশে দুরূহই বটে।