
অনুষ্ঠানের শিরোনাম ‘দুলালের জন্য আলালদের আনন্দ’। আয়োজনের আমন্ত্রণপত্র কিংবা ব্যানারে স্কেচ দেখে বুঝতে বাকি রইল না, দুলাল কাকে বলা হয়েছে। তিনি নাটকের মানুষ দেবপ্রসাদ দেবনাথ। কাছের মানুষেরা দুলাল বলে ডাকেন। কিন্তু আলাল কাদের বলা হয়েছে?
নাট্যচক্রের অন্যতম ব্যক্তিত্ব ও বিশিষ্ট নাট্যজন দেবপ্রসাদ দেবনাথ দুলালের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ এই আয়োজন। আর এখানে দুলালরা হলেন সব সহশিল্পী, নাট্যকর্মী ও স্বজনেরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ দুলালের জন্মদিনটিকে কেন্দ্র করে একত্র হয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নাট্যজন রামেন্দু মজুমদার, মফিদুল হক, লিয়াকত আলী, আতাউর রহমান, ইনামুল হক, শিমূল ইউসুফ, নাসির উদ্দীন ইউসুফ, কেরামত মাওলা, লাকী ইনাম, ম হামিদ, ফাল্গুনী হামিদ, গোলাম কুদ্দুছ, হাসান আরিফসহ বিশিষ্টজনেরা। স্টুডিও থিয়েটার হলে ছিল ঘরোয়া আমেজ। নাচ, গান, আবৃত্তি, কৌতুক—সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশ। শুরুতেই শিমূল ইউসুফ তাঁর গানের দল নিয়ে আজম খানের বিখ্যাত সেই গান ‘আলাল ও দুলাল/ তাদের বাবা হাজি চান’ পরিবেশনের মধ্য দিয়ে দুলালকে মঞ্চে নিয়ে আসেন। শংসাবচন পাঠ করেন আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানস্থল হাসি-ঠাট্টায় ভরিয়ে তোলেন অতিথিরা। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় ম্যাকবেথ নাটকের অংশবিশেষ পাঠ করে শোনান আতাউর রহমান। এর আগে দেবপ্রসাদ দেবনাথ দুলালের হাতে তাঁর একটি পেইন্টিং তুলে দেওয়া হয়।