দু-দুটো আইরিন!

বেশ উচ্ছ্বসিত কণ্ঠেই আইরিন জানালেন, পরবর্তী ছবিতে একটি নয়, দু-দুটো আইরিনকে দেখতে পাবেন দর্শক। এ নিয়ে আনন্দের শেষ নেই অভিনেত্রী আইরিনের। বর্তমানে কাজ করছেন সাইফ চন্দন পরিচালিত টার্গেট ছবিতে। ওই ছবিতেই দ্বৈত চরিত্রে অভিনয় করছেন তিনি।
টার্গেট ছবিতে আইরিনের বিপরীতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন। তা ছাড়া এতে আরও দেখা যাবে নিরব ও অমৃতাকে। দ্বৈত চরিত্রে অভিনয় প্রসঙ্গে আইরিন বলেন, ‘নিজের সাধ্যের ভেতর যতটুকু পরিশ্রম করা যায়, তার সবটুকুই করছি দুটি চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য। পোশাক, সংলাপ, সাজ—সবদিকেই ভিন্নতা যোগ করার চেষ্টা করছি। একই ছবিতে দুটো ভিন্ন চরিত্র উপস্থাপন করা বেশ কঠিন। তা ছাড়া দুটো চরিত্রই একে অপর থেকে একেবারে ভিন্ন। একটি একেবারে সাদামাটা, অন্যটি দারুণ আধুনিক মেয়ের চরিত্র। তাই বেগ বেশি পেতে হচ্ছে। তবে আমি বিষয়টা অনেক উপভোগও করছি।’
২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতার মধ্য দিয়ে আইরিনের যাত্রা শুরু। এরপর বেশ লম্বা সময় র্যাম্পে কাটিয়েছেন এ মডেল ও অভিনেত্রী। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ভালোবাসা জিন্দাবাদ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তাঁর। কাজ চলছে নিলয়ের বিপরীতে ভালোবাসা প্রেম নয় ছবির। মুক্তির অপেক্ষায় রয়েছে ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল এবং এই তুমি সেই তুমি ছবির।