দূরবীনের ‘দূরবীন ৩.০১’
বাংলা নববর্ষ উপলক্ষে আসছে ব্যান্ডদল দূরবীনের তৃতীয় অ্যালবাম দূরবীন ৩.০১। আজ বিকেলে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে অ্যালবামটির মোড়ক খোলা হবে। এর আগে একই মঞ্চে দূরবীন ব্যান্ড আয়োজিত ‘রকার্স হান্ট’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উপস্থাপন করা হবে। দূরবীন ব্যান্ডের শহীদ জানান, এ পর্যন্ত ১৮টি নতুন ব্যান্ড রকার্স হান্ট প্রতিযোগিতায় নিবন্ধন করেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।তিনি আরও জানান, রবীন্দ্রসরোবরের পুরো অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। তবে এদিন দূরবীন কোনো গান করবে না। শহীদ বলেন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ৬ ও ৭ এপ্রিল অনুষ্ঠিত হবে রকার্স হান্ট প্রতিযোগিতা। এখানে আমরা গান করব। যাঁরা আমাদের নতুন গানগুলো শুনতে চান, তাঁদের ওই সময় শিল্পকলায় চলে আসার জন্য অনুরোধ করব।’ অ্যালবামের নাম দূরবীন ৩.০১ প্রসঙ্গে শহীদ বললেন, ‘আমাদের আগের অ্যালবাম দুটির নাম ছিল প্রায় কাছাকাছি। তাই এবার একটু ভিন্ন কিছু করব বলে শ্রোতাদের কাছে নাম চেয়েছিলাম। দেখলাম, শ্রোতারা এ নামটি বেশি পছন্দ করেছে। তাই অ্যালবামের নাম হয়েছে দূরবীন ৩.০১।’ অ্যালবামটি বাজারে এনেছে লেজার ভিশন।