দৃক গ্যালারিতে ক্যামেরা ফেস্ট শুরু

ক্যামেরা ও এর সংশ্লিষ্ট সব যন্ত্রাংশ নিয়ে ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে প্রদর্শনী ও মেলা। গতকাল বৃহস্পতিবার দুপুরে আনষ্ঠানিকভাবে তিন দিনের এই ‘ক্যামেরা ফেস্ট-২০১৬’ উদ্বোধন হয়। মেলায় ফুজি, সনি, নিক্কন, ক্যানন ও প্যানটেক্স ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের এসএলআর ক্যামেরা, ডিজিটাল ক্যামেরার লেন্স, সিসি টিভি ক্যামেরা ও ক্যামেরার প্রয়োজনীয় যন্ত্রাংশ বিক্রি এবং প্রর্দশনী করা হচ্ছে। এছাড়াও ক্যামেরা এক্সেসরিজের ডিলার, মডেলিং হাউজসহ বিভিন্ন প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে।
মেলায় রয়েছে সেলফি প্রতিযোগিতা, ফ্রি প্রোফাইল ছবি তোলার সুযোগ। এছাড়া ‘ক্যামেরা টক’ নামের একটি সেশনে অংশগ্রহণকারীরা তাঁদের নিজেদের ক্যামেরা ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন। এজন্য নিবন্ধন করা যাবে মেলাতেই। আয়োজকেরা জানান, ক্যামেরা ও সংশ্লিষ্ট পণ্যের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিতেই এই মেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইট কমিউনিকেশনের প্রধান নির্বাহী তৌহিদুল ইসলাম, ইংরেজি মাসিক ম্যাগাজিন আইস টুডের ব্যবস্থাপনা সম্পাদক তৌওহিদুল রশিদ, এএসডি আইটি সলিউশনের লিমিটেডের এসএম শওকত মিল্লাত প্রমুখ।
মেলার আয়োজন করেছে রাইট কমিউনিকেশন। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা ঘুরে আসা যাবে। মেলাটি সবার জন্য উন্মুক্ত।