
মঞ্চনাটকে সূক্ষ্ম অভিনয় বা টিভি পর্দায় জাঁদরেল অভিনেত্রী—সবকিছুতেই স্বাভাবিকভাবে মানিয়ে যান মিতা চৌধুরী। আফসোস করে বললেন, ‘এখন তো নাটকের সমালোচনা লেখাই হয় না। একটি নাটক প্রচার বা প্রদর্শনের পর এটি নিয়ে কথা বলার যেন কেউ নেই। কাজটি ভালো না মন্দ হলো কিংবা আরও ভালো হতে পারত বা দুর্বলতা কোথায়—এগুলো বলার কেউ নেই। আমি নিজেই চেষ্টা করি নিজের কাজ বোঝার। অনেক সময় নিজেকেই বিচারক সাজতে হয়।’
না। ভালো-মন্দের কথা যে কেউ বলার নেই তা কিন্তু নয়। সেটাও সানন্দে মেনে নিলেন। কারণ, সত্তরের দশকের বরফ গলা নদী নাটকের কথা যে এখনো পরিচিতজনেরা বলেন তাঁকে। হ্যাঁ, বরফ গলা নদী নাটকটির পর মিতা চৌধুরীর আলাদা অবস্থান তৈরি হয়। বিটিভির এ নাটকটি পরিচালনা করেন আবদুল্লাহ আল-মামুন। মিতা চৌধুরী তখন বিটিভিতে অভিনয় করতেন আর বেতারে খবর পড়তেন এবং ‘ওয়ার্ল্ড মিউজিক’ অনুষ্ঠানটি উপস্থাপনা করতেন।
বরফ গলা নদী নাটকে মিতা চৌধুরীর চরিত্রের নাম ‘লিলি’। এটা ১৯৭৫-৭৬ সালের কথা। বিটিভিতে বড় সেট তৈরি করে নাটকটির কাজ শুরু হয়। কখনো সারা রাত ধরে চলেছে কর্মযজ্ঞ। বললেন, ‘মামুন ভাই (আবদুল্লাহ আল-মামুন) তো খুব ভালো নির্দেশক। খানিকটা কঠোর কিন্তু আমাকে স্নেহ করতেন। তাই আমার অনুভূতি ছিল অন্য রকম। এতে ফেরদৌসী মজুমদার, বুলবুল আহমেদ, সুবর্ণা মুস্তাফা অভিনয় করেন। শেষ দিকে বৃষ্টির একটি দৃশ্য ছিল। তুমুল ঝড়-বৃষ্টিতে মধ্যবিত্ত এ পরিবারটির ঘর ভেঙে পড়ে। তখন পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি বুলবুল আহমেদ ছাড়া অন্যরা মারা যান। এটা সত্যিই হৃদয়বিদারক ঘটনা ছিল। নাটকটির কথা উঠলেই এ দৃশ্যের কথা মনে পড়ে। দৃশ্যটা কখনো ভুলব না।’
মিতা চৌধুরী আরেকটি নাটকের কথা উল্লেখ করেন। ১৯৭৮ সালে, নন্দিত নরকে নাটকে অভিনয় করেন তিনি। এটা নিজের অভিনয়জীবনের বিশেষ বলে মনে করেন এ অভিনেত্রী।
নিজের অভিনয়কালের মধ্যে একটি রেখা আছে এ শিল্পীর। সত্তর-আশির দশকের জনপ্রিয় এই নাট্যশিল্পী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। ২০০৬ সালে দেশে ফিরে আবার নাটকে অভিনয় শুরু করেন। এটি তাঁর দ্বিতীয় অধ্যায়। এরপর আবার নিয়মিত অভিনয় করছেন।
তাঁর প্রথম ধারাবাহিকের নাম শান্ত কুটির। মিতার মতে, ‘এ নাটকের মধ্য দিয়ে আমি মূলত নতুন ধারার কাজের সঙ্গে পরিচিত হই।’
শুধু টিভি নাটকই নয়, মঞ্চে সূচনা ও গুড নাইট মার মতো প্রযোজনায় নিজেকে জড়িয়েছেন। অভিনয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাট্যকার মারশা নরম্যানের ‘নাইট মাদার’ অবলম্বনে মিতা চৌধুরী গুড নাইট মার পাণ্ডুলিপি তৈরি করেন।
বিটিভিতে মিতা চৌধুরীর প্রথম নাটক আতিকুল হক চৌধুরীর আরেকটি শহর চাই।